রাজনৈতিক আখ্যা দিয়ে খুনের মামলা প্রত্যাহারের সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী গ্রামের জোড়া খুনের হত্যা মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আখ্যায়িত করে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। গত বছরের ৪ অক্টোবর জেলার মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটি এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সুপারিশ পাঠিয়েছে। তবে মামলাটি প্রত্যাহার না করার জন্য বাদী আনছার আলী ১ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৮ এপ্রিল শাহজাদপুর উপজেলার রেশমবাড়ী গ্রামের মকবুল হোসেন (৬৫) ও প্রতিবেশী মধু প্রামাণিককে (৫০) মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় আবুল হোসেনসহ ৭১ জনকে আসামি করে একই দিনে শাহজাদপুর থানায় মামলা করেন মকবুলের ছেলে আনছার আলী। মামলার অধিকাংশ আসামিই এলাকায় অস্ত্রধারী, সন্ত্রাসী ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এই সুযোগে জোড়া খুনের মামলার আসামিরা মামলাটিকে রাজনৈতিক আখ্যা দিয়ে প্রত্যাহারের আবেদন করে। আনছার আলীর অভিযোগ, আসামিরা এখনো তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে। ক্ষমতা আর জোর দেখিয়ে জোড়া খুনের মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে প্রত্যাহারের সুপারিশ সরকারের সিদ্ধান্তের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।মামলার তদন্ত কর্মকর্তা ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মামলার তদন্ত চলছে। তবে এই মামলায় রাজনৈতিক বিষয় পাওয়া যায়নি। গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আপাতদৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে।এ বিষয়ে সুপারিশ কমিটির সদস্য জেলা জজ আদালতের পিপি আবদুর রহমান জানান, মামলা রাজনৈতিক বা অরাজনৈতিক, এটি মুখ্য বিষয় নয়। মিথ্যা মামলা হলে তা নিয়মানুযায়ী সুপারিশ করা যায়। তা ছাড়া মামলাটি প্রত্যাহারের জন্য রাজনৈতিক পর্যায়ের নেতাদের সুপারিশ ছিল, তাই প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। কমিটির প্রধান জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর জানান, পিপির মতামত থাকায় সুপারিশ করা হয়েছে। বিষয়টি মেনে নেওয়া না-নেওয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপার।