রাজনৈতিক আতঙ্কে স্থবির রাজধানী

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন রাজধানীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ। এ সমাবেশকে ঘিরে অনেক আগে থেকেই জনমনে ‘কী হয়-কী হয়’ আতঙ্ক বিরাজ করছে। সমাবেশকে কেন্দ্র করে ‘বিশৃঙ্খলা’ ঠেকাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পাল্টা প্রস্তুতি নেওয়ায় সাধারণ মানুষের উত্কণ্ঠা আরও বেড়েছে। এতে সকাল থেকে রাজধানীতে জনজীবনে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। এতে বৃষ্টিও যেন খানিকটা প্রভাব ফেলেছে।
সকালে রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল ছিল অপেক্ষাকৃত কম। রিকশা চলাচল নিষিদ্ধ—এমন রাজপথে যাত্রী নিয়ে রিকশা চলতে দেখা গেছে। শুক্রবার সকালে কারওয়ান বাজার ক্রেতাদের ভিড়ে সরগরম থাকলেও আজ এই সংখ্যা ছিল বেশ কম। রাস্তার পাশে খুপরি দোকানগুলোতে চায়ের কাপে ঝড়তোলা মানুষের সংখ্যাও ছিল কম। বিভিন্ন সড়কে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ দেখা গেছে।
আজ কী কী ঘটতে পারে—এ নিয়ে অনেকের মধ্যে চলছে কানাঘুষা। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ তাঁদের রুটি-রুজি নিয়ে ভাবছে। অনেকে উদ্বিগ্ন সন্তানদের পড়াশোনা ও আসন্ন পরীক্ষা নিয়ে।
রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কলাবাগান, কারওয়ান বাজার, মহাখালী, বাড্ডা, গুলশান, দৈনিক বাংলা, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনভূতির কথা।
ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, হরতালের কর্মসূচিতে যেভাবে শহরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়, আজও সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার প্রবেশপথগুলো থেকে শুরু করে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের রমনা বিভাগীয় উপকমিশনার মারুফ হাসান প্রথম আলো ডটকমকে জানান, সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। খামারবাড়ি মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ রফিকুল ইসলাম জানান, যানবাহনের সংখ্যা কম থাকায় সিগন্যালে তাঁদের ততটা ব্যস্ত থাকতে হচ্ছে না।

মনিপুর উচ্চবিদ্যালয়ে (বালিকা শাখা) জেএসসি পরীক্ষার্থী তাহিয়া খানকে নিয়ে এসেছেন মা সামিয়া আক্তার। তিনি বলেন, পরীক্ষা তো প্রায় সামনে চলে এসেছে। স্কুলগুলো আগামীকাল বা এরপর কী হবে, তা জানে না। তাই আজ গণিত বিষয়ে প্রস্তুতি পরীক্ষা চলছে।
দৈনিক বাংলা, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণপরিবহন চলছে, কিন্তু ব্যক্তিগত গাড়ি নেই বললেই চলে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কয়েকটি চায়ের দোকান ছাড়া দোকানপাট তেমন খোলেনি। কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল বলেন, তিনি ভোর পাঁচটা থেকে দায়িত্ব পালন করছেন।
গুলশান ১ নম্বর গোল চত্বরে বাসের জন্য অপেক্ষায় থাকা নিলুফার ইয়াসমিন জানান, তিনি নিউমার্কেট যাবেন। সকাল আটটা থেকে প্রায় এক ঘণ্টা এখানে দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা পাননি। তিনি জানান, সড়কে যাত্রী পরিবহন খুব কম। দু-একটি যা চলাচল করছে, এতে যাত্রীর সংখ্যা অনেক বেশি। তাই তিনি গন্তব্যে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন।
মধ্য বাড্ডা লিংক রোডে কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রশিদের সঙ্গে। তিনি বলেন, ‘দুই দল যা বাধাইছে, তাতে সিএনজি বাইর করার সাহস পাই নাই। হঠাত্ করে মারামারির মধ্যে পড়ে গেলে তো অবস্থা খারাপ। তাই বসে আছি। পরিস্থিতি ভালো থাকলে বের করব।’
সকাল পৌনে নয়টার দিকে পান্থপথের চা-বিক্রেতা আলেয়া বেগমকে চা বানিয়ে খেতে দেখা গেল। অন্যান্য দিন এ সময় তিনি ক্রেতাদের চা-কলা-বনরুটি জোগাতে ব্যস্ত থাকেন। তিনি বলেন, ‘আজ দুই দলের নেতারা মাঠে নামবে। রাত্তিরেও তাড়াতাড়ি দোকান বন্ধ করিছিলাম। লোকজন বলল, খালা, গুটায় ফেলো দোকান। কে কখন হাইঞ্জে গিয়ে লুট করবে। আজও কিছুক্ষণ দ্যাখব।’
কারওয়ান বাজারে সকাল সোয়া নয়টার দিকে কিছু ব্যবসায়ীকে খুঁটিয়ে খুঁটিয়ে পত্রিকা পড়তে দেখা যায়। মো. জুয়েল মিঞা নামের এক সবজি বিক্রেতা বলেন, ক্রেতা নেই। শুক্রবার তাঁর দোকান থেকে অনেকেই গোটা সপ্তাহের বাজার করেন। আজ কখন আসবেন ক্রেতা, কতজন আসবেন, আদৌ আসবেন কি না, কে জানে।
পশ্চিম রাজাবাজার এলাকার রিকশাচালক আরশাদ মিয়া বলেন, ‘হাসিনা তো খ্যামতা ছাড়তে চায় না। এ জন্যই ঝামেলা লাগসে।’
নাম প্রকাশ না করার শর্তে একটি টিভি চ্যানেলের গাড়িচালক বলেন, ‘আমি টিভির গাড়ি চালাই। অ্যালা বোঝেন সব খবরই আমার কাছে আছে। বিএনপি সমাবেশ করতে চাইতেসে, সরকার দিব না। এ জন্যই এই অবস্থা। জোর যার মুল্লুক তার।’
একজন সাবেক সরকারি কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসলে আমি রাজনীতির কথা বলতে চাই না। কিন্তু যা হচ্ছে, ঠিক না। মনে হচ্ছে না প্রধানমন্ত্রী শিগগির ক্ষমতা ছাড়বেন। ছাড়লেই পারেন। বিএনপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে অজনপ্রিয় হয়ে যাবে। তখন টেনে নামিয়ে দিলেই হলো।’ (প্রতিবেদনটি তৈরি করেছেন শেখ সাবিহা আলম, কমল জোহা খান, আব্দুল্লাহিল ওয়ারিশ ও আব্দুর রশিদ)