রাজনৈতিক উদ্দেশ্যে তারেককে যুক্ত করা হয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমান এবং খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন উপলক্ষে ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একুশে আগস্ট উপলক্ষে এক শোকসভায় শেখ হাসিনা দাবি করেন, ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, ‘এই গ্রেনেড হামলার তদন্তকাজ শেষ পর্যায়ে, বিচারও চলছে। বিরোধীদলীয় নেতা, তাঁর ছেলে, তত্কালীন মন্ত্রী ও বিএনপির প্রভাবশালী নেতারা যে জড়িত ছিলেন, তদন্তে সেটা বেরিয়ে আসছে। দেশবাসীও সেটা দেখছে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল অভিযোগ করেন, বিএনপি ও তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করতে তারেক রহমান ও বিএনপির নেতাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রথমে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার যে অভিযোগপত্র দেওয়া হয়, তাতে তারেক রহমানের নাম ছিল না। এমনকি ১/১১-এর সময়ের সরকারের আমলে দেওয়া অভিযোগপত্রেও তারেকের নাম ছিল না। কিন্তু আওয়ামী লীগ আমলে ওই মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেকের নাম যুক্ত করা হয়। এজন্য মামলার অভিযোগপত্র ও তদন্ত কর্মকর্তা বারবার পরিবর্তন করা হয় বলে তিনি দাবি করেন।

মির্জা ফখরুলের দাবি, তারেক রহমানের নাম বলানোর জন্য মুফতি হান্নানকে ১২০ দিন রিমান্ডে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে। মুফতি হান্নান আদালতে গিয়ে প্রথম দিনই এফিডেবিট করে বলেছেন, তাঁকে এ বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিএনপি জোট সরকার ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত করতে গেলে সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা তাঁদের সহযোগিতা করেননি। তিনি বলেন, গ্রেনেড নিক্ষেপ করে হত্যা কোনো দল সমর্থন করতে পারে না। বিএনপি শুরু থেকে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। বিএনপি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বলেও তিনি দাবি করেন।

ফখরুল দাবি করেন, বিএনপি সব সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে। বিএনপিই প্রথম জঙ্গিবাদীদের ধরে শাস্তি দিয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সব সময় নিজেদের দোষ অন্যদের ঘাড়ে চাপাতে চায়। আওয়ামী লীগের একটি অংশের হাতেই শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন বলেও তিনি মন্তব্য করেন। 

কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি উপলক্ষে ১২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ১ সেপ্টেম্বর ভোর ছয়টায় সারা দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, তারেক রহমানের কারামুক্তি উপলক্ষে ২ সেপ্টেম্বর ছাত্রদলের শোভাযাত্রা (সোহরাওয়ার্দী উদ্যান থেকে), ৩ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা, ৪ সেপ্টেম্বর তারেক রহমানের বক্তব্য নিয়ে স্বেচ্ছাসেবক দলের ভিডিওচিত্র প্রদর্শনী, ৫ সেপ্টেম্বর যুবদলের সমাবেশ, ৯ সেপ্টেম্বর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি উপলক্ষে ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগর বিএনপির শোভাযাত্রা।

যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ, আমান উল্লাহ, মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।