রাজনৈতিক উদ্দেশ্যে তারেককে যুক্ত করা হয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

এর আগে সকালে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিরোধীদলীয় নেতা, তাঁর ছেলে, তৎকালীন মন্ত্রী ও বিএনপির প্রভাবশালী নেতারা যে জড়িত ছিলেন, তদন্তে সেটা বেরিয়ে আসছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রথমে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার যে অভিযোগপত্র দেওয়া হয়, তাতে তারেক রহমানের নাম ছিল না। এমনকি এক-এগারোর সরকারের আমলে দেওয়া অভিযোগপত্রেও তারেকের নাম ছিল না। কিন্তু আওয়ামী লীগ আমলে ওই মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানের নাম যুক্ত করা হয়।  বিএনপি ও তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতে এটা করা হয়েছে।

মির্জা ফখরুলের দাবি, ‘তারেক রহমানের নাম বলানোর জন্য মুফতি হান্নানকে ১২০ দিন রিমান্ডে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে। মুফতি হান্নান আদালতে গিয়ে প্রথম দিনই এফিডেভিট করে বলেছেন, তাঁকে এ বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিএনপি সব সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে। বিএনপিই প্রথম জঙ্গিবাদীদের ধরে শাস্তি দিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সব সময় নিজেদের দোষ অন্যদের ঘাড়ে চাপাতে চায়।