সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটি আরও বলেছে, ভবনধসের এ ঘটনা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী—কেউই এর দায়িত্ব এড়াতে পারেন না। গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে ১৮-দলীয় জোটের আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করতে এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, রানা প্লাজা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বিরোধী দলের হরতাল ভাঙার জন্য বেতন দেওয়ার লোভ দেখিয়ে ওই দিন কর্মীদের ভবনে জড়ো করা হয়েছিল। বিবৃতিতে রানা প্লাজার মালিক যুবলীগের কেউ নয় বলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা এবং ফাটল ধরা খুঁটি ও গেট নাড়াচাড়া করায় দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে গণমাধ্যমে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘হতাহত ব্যক্তিদের সঙ্গে উপহাস’ বলে উল্লেখ করা হয়।এ ছাড়া বিবৃতিতে জামায়াতের রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত আমির আবুল হাসেমকে গ্রেপ্তার, চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের কথিত ‘ক্যাডারদের’ গুলিতে সুখী নামের এক শিশুর মৃত্যুর ঘটনা এবং দলের বরিশাল ও চট্টগ্রামে অর্ধশতাধিক নেতা-কর্মীর গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়।এদিকে সাভারের ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় গতকাল দোয়া দিবস পালন করেছে জামায়াত। এ উপলক্ষে ঢাকা মহানগর কমিটি আয়োজিত দোয়া অনুষ্ঠানে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের সব জনশক্তি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।