রাজনৈতিক এজেন্ডার কাছে যেন নারীর উন্নয়ন হারিয়ে না যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য দলীয় রাজনীতির বাইরে গিয়ে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য স্থাপনের আহ্বান জানিয়েছেন।গতকাল শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখার দ্বাদশ সম্মেলনে দেবপ্রিয় এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা এখনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে এসে সামাজিক বিষয়গুলোকে প্রাধান্য দিতে পারছি না। খেয়াল রাখতে হবে, দলীয় রাজনৈতিক এজেন্ডার (চাওয়া-পাওয়া) কাছে যেন নারীর উন্নয়ন হারিয়ে না যায়।’দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত চার দশকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে নারীদের উন্নয়ন হয়েছে। এটা কারও দয়ায় হয়নি। নারীরা নিজেদের প্রয়োজনেই কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমশক্তির ৪০ শতাংশ নারী। সম্প্রতি যেসব খাতে উন্নয়ন হয়েছে, এর বেশির ভাগেই আছেন নারীরা। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীরা বড় ভূমিকা রাখলেও তাঁরা নিজেদের অর্জনগুলোর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দুই হাতে অন্ধকার ঠেলে নারীরা এগিয়ে যাচ্ছেন। নারী উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য প্রায়ই ধর্মের দোহাই দেওয়া হয়। তিনি রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করার দাবি জানান।মহিলা পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি সৈয়দা শামসে আরা হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, ঢাকা মহানগরের সহসভাপতি মাহতাবুন নেসা, সাধারণ সম্পাদক সারাবান তহুরা, মঞ্জু ধর, রেহেনা ইউনুস প্রমুখ বক্তব্য দেন।উদ্বোধনী অধিবেশন শেষে ছিল শোভাযাত্রা। এরপর মাহতাবুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সাধারণ সম্পাদক সারাবান তহুরা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।এরপর সৈয়দা শামসে আরা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে একুশ শতকের চ্যালেঞ্জ, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধে প্রচলিত আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও মহিলা পরিষদের সাংগঠনিক বিষয়-আশয় নিয়ে আলোচনা হয়। সবশেষে অধিবেশনে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।