আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার অঙ্গীকার ছিল। কিন্তু এক বছরের মাথায় দেশ হয়ে পড়েছে অস্থির ও সংঘাতময়। এই পরিস্থিতিতে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায় ছেদ পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইশতেহারে এ-সংক্রান্ত অগ্রাধিকারভিত্তিক দফায় বলা হয়েছিল, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত এবং নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করার মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশাজীবী সংগঠন এবং সিভিল সমাজসহ দল-মতনির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।’ (পৃষ্ঠা-২৩, অগ্রাধিকার-১.৩)
কিন্তু গত এক বছরে সরকারের পক্ষ থেকে ঐকমত্য প্রতিষ্ঠার কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি বর্তমান রাজনৈতিক সংকটে বিভিন্ন মহল থেকে বারবার আলোচনা ও সংলাপের কথা বলা হলেও সরকার বিষয়টি গুরুত্ব দেয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে পাল্টা প্রশ্ন তোলা হয়—কিসের সংলাপ? কার সঙ্গে সংলাপ?
জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, গত এক বছরে সরকারের অনেক সফলতার মধ্যে ব্যর্থতা হচ্ছে, বিরোধীদের সহিংস ধারা থেকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে না পারা। তবে ঐক্য প্রক্রিয়া শেষ হয়ে যায়নি, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হতেই হবে এবং সেই পথ খোলা আছে।
রাজনৈতিক পটপরিবর্তন হলেই আগের সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সাধারণত বন্ধ বা পরিত্যক্ত হয়। কিন্তু সরকারের ধারাবাহিকতা থাকায় চলমান কর্মসূচিগুলো অব্যাহত রয়েছে। কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রকৃতি অনুকূলে থাকায় কৃষির ফলন ভালো হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কৃতিত্ব বজায় আছে। প্রবাসী-আয়ের প্রবাহ প্রায় একই রকম আছে। বৈদেশিক মুদ্রার মজুত বেড়েছে। দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে। তথ্যপ্রযুক্তি খাতে সরকারের মনোযোগ, প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন উদ্যোগ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করতে চায়। মাথাপিছু আয় ১১৯০ ডলারে উন্নীত করে এই পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে রাজনৈতিক অনিশ্চয়তার জন্য বিনিয়োগে স্থবিরতা রয়েই গেছে।
যুদ্ধাপরাধীদের বিচার: আওয়ামী লীগের ইশতেহারে থাকা নয়টি অগ্রাধিকারের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিষয়ে সরকারের অঙ্গীকার অনেকটাই পূরণ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত এক বছরে ছয়টি ফাঁসির রায় দিয়েছেন, নতুন মামলা হয়েছে আরও ছয়টি। ট্রাইব্যুনাল গঠনের পর ২০১১ সাল থেকে এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২১টি মামলা হয়েছে।
তবে বিএনপি-জামায়াত জোটের সময়ে ওই সরকারের কয়েকজন মন্ত্রী ও নেতার মদদে যে নৈরাজ্যকর অবস্থা জঙ্গি সংগঠনগুলো সৃষ্টি করেছিল, সেই অবস্থা এখন আর নেই। এমনকি নির্বাচন-পূর্ব ও পরবর্তী সহিসংতার মধ্যেও জঙ্গিরা মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পায়নি। জঙ্গি দমনের বিষয়টি সরকারের অগ্রাধিকারে উল্লেখ আছে।
জীবনের নিরাপত্তা ও মৌলিক অধিকার: ইশতেহারে ‘আমাদের এবারের অগ্রাধিকার: সুশাসন, গণতন্ত্রায়ণ ও ক্ষমতার বিকেন্দ্রায়ণ’ শীর্ষক নয়টি দফা রয়েছে। এগুলোর মধ্যে গত এক বছরে জাতীয় ঐকমত্য যেমন হয়নি, তেমনি রাষ্ট্র ও সমাজজীবনের সর্বক্ষেত্রে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। নাগরিকদের জীবনের নিরাপত্তা দেওয়া এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বললেও সরকার অনেকাংশে ব্যর্থ হয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, ২০১৩ সালে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন ৭২ জন, ২০১৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৮। এ ছাড়া গত বছর গুম বা গুপ্তহত্যার শিকার ৮৮ জনের মধ্যে ১২ জন ছাড়া পান।
কার্যকর সংসদের অঙ্গীকার ছিল: ইশতেহারে বলা হয়, ‘সংবিধান সুরক্ষা, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত করা হবে। সংসদকে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ প্রকৃতপক্ষে জাতীয় সংসদে সরকারের ‘বন্ধুপ্রতিম’ বিরোধী দল থাকা এবং বিরোধীদলীয় নেতারা মন্ত্রী বা দূতের মতো পদে আসীন হওয়ায় সংসদ প্রাণহীন হয়ে পড়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিরোধী সাংসদেরা আত্মপরিচয়ের সংকটে ভোগায় এক বছরে সংসদ প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। বছরজুড়ে কয়েকজন সাংসদের অনৈতিক কাজের খবর জাতি জানতে পেরেছে, যাঁরা ভূমি, বন ও জলাশয় দখল করেছেন; সরকারের সঙ্গে ব্যবসা করেছেন; নিয়োগ-বাণিজ্যসহ সংসদ সদস্যের পদকে সুবিধা অর্জনের জন্য ব্যবহার করেছেন।
সুশাসন ও ন্যায়পাল: ন্যায়পাল নিয়োগ ও জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলা হলেও এমন উদ্যোগ দেখা যায়নি। সর্বস্তরের মানুষের বিচারপ্রাপ্তি সহজলভ্য করা এবং মামলা জটমুক্ত করার অঙ্গীকার থাকলেও গত এক বছরে এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই।
ইশতেহারে সবার জন্য আইনের সমান প্রয়োগ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা কার্যক্রম জোরদার করার কথা বলা আছে। রাজনৈতিক অস্থিরতায় সৃষ্ট সুশাসনের অভাবে কার্যত এসব কার্যক্রম দুর্বল হয়েছে।
স্থানীয় সরকারের কাছে ক্ষমতা: ইশতেহার অনুযায়ী (১.৭) শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি স্তরবিন্যাসের মাধ্যমে স্থানীয় সরকারের হাতে দেওয়া হবে। তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, ইউনিয়ন পরিষদে সাতটি মন্ত্রণালয়ের ১৩ জন কর্মচারীকে হস্তান্তরের কথা থাকলেও তা হয়নি। উপজেলা পরিষদের কাছে ১৭টি দপ্তর হস্তান্তর করা হলেও সেগুলো ঠিকমতো কাজ করছে না। আর জেলা পরিষদ চলছে নামকাওয়াস্তে মনোনীত প্রশাসক দিয়ে।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ইশতেহারে যত প্রতিশ্রুতি বা অঙ্গীকার থাকুক না কেন, গত এক বছরে স্থানীয় সরকারে কোনো পরিবর্তন হয়নি।
দুদকের দক্ষতা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে প্রতিষ্ঠানটির কার্যকারিতা আরও বাড়ানোর কথা বলা আছে নির্বাচনী ইশতেহারে। এই সময়ে দুদকের কাছ থেকে দায়মুক্তির সনদ পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, সাংসদ আসলামুল হক, এনামুল হকসহ মোট ৪৯৯ জন। অবশ্য দুদক অভিযোগপত্র দিয়েছে ৪৬০টি মামলায়।
এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, এই মেয়াদে দুদকের যাত্রা শুরু হয়েছে মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর আগ্রহে সরকারি দলের নেতা ও সাবেক কয়েকজন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে দেখা গেছে, দু-একটি ব্যতিক্রম ছাড়া ব্যক্তির পরিচয় প্রাধান্য পাওয়ায় অনেককেই দুদক দায়মুক্তি সনদ দিয়েছে।
দলীয় প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী: ইশতেহারের ২৫ পৃষ্ঠায় ১.৯ নম্বর অগ্রাধিকারে বলা আছে, ‘পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখা হবে।’ তবে কাজকর্ম বিশ্লেষণে দেখা যায়, পুলিশ দলীয় প্রভাবমুক্ত হয়নি।
এগিয়ে পদ্মা: ক্ষমতায় এসেই সরকার ‘ফাস্ট ট্র্যাক’ কর্মসূচির আওতায় ছয়টি প্রকল্প গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। এই ছয়টির সঙ্গে অতি সম্প্রতি যুক্ত হয়েছে মাতারবাড়ী সমন্বিত বিদ্যুৎকেন্দ্র ও পায়রাবন্দর প্রকল্প।
প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত পদক্ষেপ বিশ্বব্যাংক ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হওয়া। মানুষের মধ্যে এই বিশ্বাস ও আস্থা সৃষ্টি হয়েছে যে বর্তমান সরকারের মেয়াদেই স্বপ্নের এই সেতু তৈরি হবে।
পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চারটির মধ্যে তিনটি চুক্তি সম্পন্ন হয়েছে। সেই চুক্তি অনুযায়ী কাজ চলছে। মেট্রোরেল প্রকল্পের লাইনের জন্য ভূতাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়েছে।
তবে প্রায় পাঁচ বছর আগে শুরু হওয়া কক্সবাজারের মহেশখালীতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপন প্রকল্পের বাস্তবায়ন বর্তমান সরকারের পূর্ণ মেয়াদেও হবে না। কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপন প্রকল্পটি কারা বাস্তবায়ন করবে, তা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। পরিবেশবাদীদের আপত্তির মুখে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ অনেকটা এগিয়েছে। তবে প্রকল্পের অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি।
অগ্রাধিকারের বাইরে: ইশতেহারে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বর্তমান ১০ হাজার মেগাওয়াট থেকে বেড়ে ২০২১ সালে দাঁড়াবে ২৪ হাজার মেগাওয়াট। ২০১৩ সালে সরকার ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অনুষ্ঠান পালন করে। কিন্তু এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ থাকলে প্রকৃত উৎপাদনক্ষমতা ৯ হাজার মেগাওয়াট। আগামী গ্রীষ্মে সর্বোচ্চ উৎপাদন ৮ হাজার মেগাওয়াট হবে বলে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী, শিক্ষায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার স্তর নির্ধারণ এবং ওই পর্যন্ত শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করার উদ্যোগ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল ও স্থায়ী বেতন কমিশন গঠন করার কথা বলা হলেও সেই উদ্যোগ নেওয়া হয়নি।
শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অপরাজনীতি, দলীয়করণ ও সেশনজট দূর করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মূলত সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের দলীয় কোন্দলে ছিল অস্থির। এসব প্রতিষ্ঠানে সন্ত্রাস যেমন হয়েছে, তেমনি তৈরি হয়েছে সেশনজট। তবে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে সন্ত্রাস ও সেশনজট কমে এসেছে।
স্কুল-কলেজের পরিচালনব্যবস্থা দলীয়করণমুক্ত, অধিকতর গণতান্ত্রিক করার কথা বলা হলেও সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত সরকারদলীয় লোকেরাই পরিচালনা করছেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে প্রায় বছরভর সমালোচনার মুখে ছিল প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়।
গত এক বছরে এর কতখানি অর্জন হয়েছে, তা জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশে যে রাজনৈতিক সংকট ছিল, তা থেকে কাটিয়ে সংসদ গঠন এবং ওই সংসদের কাছে ক্ষমতা হস্তান্তরের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছে আওয়ামী লীগ। এরপর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, প্রধানমন্ত্রীর চীন ও জাপান সফরের সাফল্য, জাতিসংঘের সাধারণ অধিবেশন ও সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান, উপজেলা নির্বাচনে বিরোধী দলকে নিয়ে আসাসহ অনেক সাফল্য রয়েছে।
এক প্রশ্নের জবাবে ওই রাজনীতিবিদ বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, গণতন্ত্র এখন সংঘাত ও সংঘর্ষের মধ্য দিয়ে এগোচ্ছে। তবে হরতাল ও অবরোধ গণতান্ত্রিক অধিকার হতে পারে না বলে মত দেন তিনি।