
রংপুরের উন্নয়ন করতে গিয়ে জনগণকে অনেক আন্দোলন করতে হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করেছে প্রতিটি সরকারই। এ থেকে বেরিয়ে আসতে হবে।গতকাল বুধবার সকালে রংপুরে একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে প্রথম আলো আয়োজিত ‘রংপুরের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বক্তারা বলেন, বিশাল এলাকা নিয়ে নগর সম্প্রসারণ করা হলেও রংপুরবাসীর সমস্যা সমাধানে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রংপুরে রাজনৈতিক নেতৃত্বের সংকট রয়েছে। রাজনৈতিক ঐক্যই পারে এ অঞ্চলের উন্নয়ন করতে। পরিকল্পনার অভাবে রংপুর শিল্পনগর হিসেবে গড়ে উঠছে না।
রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. গোলাম কবির বলেন, রংপুর সিটির উন্নয়নে ইতিমধ্যে বিদেশি দাতা সংস্থা জাইকা ৫০০ কোটি টাকা অনুদান দিয়েছে। সিটি করপোরেশন এক হাজার ২০০ কোটি টাকার বাজেট ঘোষণাও করেছে। অনুদান ও বাজেটে নগরের উন্নয়নে ব্যাপক কাজ করা হবে।
রংপুরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সিটি করপোরেশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সচেতন নাগরিক কমিটির সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য্য বলেন, ঢালাওভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তুললে শিক্ষার মান বাড়বে না। সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান কাজী মো. জুননুন বলেন, এখানে শিশুদের জন্য পার্ক নেই। চিড়িয়াখানা থাকলেও অবস্থা খুব নাজুক।
রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী বলেন, রংপুরকে বলা হয় খাদ্যভান্ডার। এখানে কৃষিভিত্তিক কারখানা গড়ে উঠতে পারে। এ অঞ্চলের উৎপাদিত পাট দিয়ে জুট মিল এবং তৈরি পোশাকশিল্প গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে রংপুরে।
সরকারিভাবে দুটি পুরুষ ও মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবির পাশাপাশি গণপরিবহনে বিআরটিসি বাস চালুর দাবি তোলেন। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, রাজনৈতিক ঐক্যই পারে রংপুরের উন্নয়ন করতে। এ ছাড়া পরিকল্পনার অভাবেও শিল্পনগর হিসেবে গড়ে উঠছে না। এখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট খেলোয়াড় বিপ্লব প্রসাদ বলেন, এখানে একটি ব্যায়ামাগার থাকলেও অবস্থা খুবই নাজুক। খেলোয়াড় তৈরির জন্য ভালো মাঠের প্রয়োজন। সরকারি উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থাকে পৃষ্ঠপোষকতা করতে হবে।
রংপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী বলেন, ক্ষুদ্র কুটিরশিল্প গড়ে উঠলে এখানকার নারীরা স্বাবলম্বী হয়ে উঠবেন, যার উদাহরণ রংপুরের সতরঞ্জি ও বেনারসি শাড়ি। এসব কারখানায় নারীরা স্বচ্ছন্দে কাজ করতে পারছেন। তিনি বলেন, যৌতুকের জন্য এ অঞ্চলে গ্রামের নারীদের এখনো বিয়ে দিতে কষ্ট হচ্ছে।
রংপুর অঞ্চলের দাবিদাওয়া বর্তমান সরকার অনেক পূরণ করেছে দাবি করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, এখন অবিলম্বে গ্যাস সবরাহ করতে হবে।
রংপুরে বিচারক-সংকট উল্লেখ করে আইনজীবী ও মানবাধিকারকর্মী মুনীর চৌধুরী বলেন, রংপুরে মামলার সংখ্যাও বেশি। এ কারণে মামলার জট হচ্ছে। গরিব ও অসহায় মানুষ হয়রানির শিকার হচ্ছে। এ অবস্থা দূর করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে।
চিকিৎসক ও সমাজসেবক মফিজুল ইসলাম বলেন, বর্জ্য ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ বিপন্ন হচ্ছে। বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না সিটি করপোরেশন। তিনি সদর হাসপাতালকে আধুনিকায়নের দাবি জানান।
রংপুর অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি সরকার বিমাতাসুলভ আচরণ করেছে মন্তব্য করে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী বলেন, রংপুরের উন্নয়নের জন্য রংপুরবাসীকে অনেক আন্দোলন করতে হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী বলেন, যোগাযোগের ক্ষেত্রে রংপুরে বন্ধ হয়ে যাওয়া আন্তনগর তিস্তা ও একতা ট্রেন চালু করা জরুরি। তিনি রংপুর বেতারকে ১০০ কিলোওয়াটে উন্নীতকরণের দাবি করেন।
রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা জরুরি বলে উল্লেখ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ। রংপুর বিভাগ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইরা হক বলেন, নারী উদ্যোক্তাদের নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।
গোলটেবিলের সঞ্চালক আব্দুল কাইয়ুম বলেন, দেশকে এগিয়ে নিতে গেলে ভালো কাজ করতে হবে। থাকতে হবে দেশপ্রেম। মানুষের পাশে থাকতে হবে। এই আয়োজনে বিশিষ্ট সুধীজনদের উপস্থিত হওয়ায় তিনি সবাইকে অভিনন্দন জানান।