রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের গণমাধ্যম মানুষের পছন্দ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থের গণমাধ্যম পছন্দ করে না। তারা চায়, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ। তাই সাংবাদিকদের সৎ, স্বাধীন ও দলনিরপেক্ষ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করতে হবে।‘সংবাদমাধ্যমের স্বাধীনতার সংকট ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় গতকাল শুক্রবার বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) রজতজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, আগে মিশনারিরা বিনা স্বার্থে পত্রিকা প্রকাশ করত। এখন ব্যবসায়িক স্বার্থে অনেকে গণমাধ্যমের সঙ্গে যুক্ত হচ্ছে। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা খুবই নগণ্য। এমনকি পার্শ্ববর্তী দেশ মালদ্বীপের চেয়েও নিচে অবস্থান করছে। তাই দেশের গণমাধ্যমকে আরও বেশি সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। বিচারপতি হাবিবুর রহমান আরও বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন আইনের মাধ্যমে সংবাদপত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এত দিন মানহানির মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হতো। তার বদলে বর্তমান সরকারের সময়ে সমন জারির বিধান হয়েছে। এ জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর সুফল কী আসবে, তা দেখতে হলে অপেক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের প্রত্যেককে যাঁর যাঁর দায়িত্ব ঠিকভাবে পালন করে যেতে হবে। সাংবাদিকদের কাজ সত্য অন্বেষণ করা। তাঁদের সেই কাজটি করতে হবে।’বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সাংবাদিক সমাজে আজ বিভক্তি। রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়িক ও ব্যক্তিস্বার্থ সংবাদপত্রের স্বাধীনতার বড় বাধা। এখন নতুন নতুন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। কিন্তু সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা অনেক ক্ষেত্রে ভূলুণ্ঠিত হচ্ছে। তিনি বলেন, সৎ ও সাহসী ভূমিকার পরিবর্তে সংবাদপত্রগুলো অনেক বেশি স্বার্থ হাসিলের প্রতিযোগিতায় মেতে উঠেছে, যার সঙ্গে শুধু সাংবাদিক সমাজ নয়, সম্পাদক-প্রকাশকেরাও সরাসরি জড়িত। মতিউর রহমান আরও বলেন, সাংবাদিকতার জন্য বড় সমস্যা হলো, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা কেউই তাদের ভুলটা মানতে চায় না। সত্য প্রকাশ করলেও তাদের রোষানলে পড়তে হয়। তরুণ সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘কারও কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেবেন না। সৎ, স্বাধীন ও দলনিরপেক্ষভাবে সাংবাদিকতা করবেন। পেশায় প্রবেশের পর দু-তিন বছরের মধ্যে হারিয়ে গেলে বা ক্লান্ত হলে চলবে না। সারা জীবন অনুসন্ধানী সাংবাদিকতা করে যেতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক সমিতির সভাপতি রাকিব আহমদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এ জে এম শফিউল আলম ভূঁইয়ার লেখা মূল প্রবন্ধ পড়ে শোনান সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম।আলোচনা সভা শুরুর আগে সকাল সাড়ে ১০টায় রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর টিএসসি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ‘তথ্যে তারুণ্য নিত্য সত্যে’ শীর্ষক স্লোগানে এই রজতজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে। হাসি, গান, আনন্দ, উল্লাস আর স্মৃতি রোমন্থনে মেতে উঠেছিলেন সবাই। সাংবাদিক সমিতির জরিপ: রজতজয়ন্তী উপলক্ষে ‘কেমন গণমাধ্যম চাই’ শিরোনামে একটি জরিপ পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জরিপে বেরিয়ে এসেছে, বাংলাদেশের গণমাধ্যম ব্যবহূত হচ্ছে রাজনৈতিক-ব্যবসায়িক উদ্দেশ্যে। জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ ব্যক্তি মনে করেন, দৃষ্টিকটুভাবে গণমাধ্যম রাজনৈতিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহূত হচ্ছে। আর ৩১ শতাংশ মনে করেন, রাজনৈতিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে গণমাধ্যম খুব বেশি ব্যবহূত হচ্ছে না। সংবাদপত্রের মালিকানা কার হবে, এমন প্রশ্নের জবাবে ৩৭ শতাংশ ব্যক্তি মনে করেন, সৎ পুঁজির মালিকানা থাকা উচিত। সাংবাদিকের মালিকানা থাকা উচিত বলে মনে করেন ৩৫ শতাংশ উত্তরদাতা। আর ব্যবসায়ীদের মালিকানা থাকা উচিত বলে মনে করেন ১৬ শতাংশ উত্তরদাতা।জরিপে অংশ নেওয়া ৩৯ শতাংশ ব্যক্তি মনে করেন, দেশের সাংবাদিকতা রাজনীতিবিদদের দিয়ে ব্যবহূত হচ্ছে। আর ৩৮ শতাংশের মতে, সাংবাদিকতা প্রতিষ্ঠানের মাধ্যমে বাবহূত হচ্ছে। জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ ব্যক্তি সাংবাদিকতার মান নিরপেক্ষ বলে মত দিয়েছেন। বিভিন্ন শ্রেণী ও পেশার ২৫১ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেন সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক ও বর্তমান সভাপতি রাকিব আহমদ।