রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মিছিল, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত সোমবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকারের সমর্থক কয়েকজন কর্মকর্তার ওপর হামলা চালান সহ-উপাচার্য শাহিনুর রহমানের সমর্থক কয়েকজন কর্মকর্তা। এতে উপাচার্য-সমর্থক পাঁচজন আহত হন। এর সূত্র ধরে বৃহস্পতিবার উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল হান্নান ও সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থী বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের একাংশের শিক্ষক-কর্মকর্তারা সোমবার সকালে ক্যাম্পাসে মৌন মিছিলের ঘোষণা দেন। মিছিলটি কলা অনুষদ থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে যাওয়ার কথা ছিল। আর বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের একটি অংশের নেতা-কর্মীরাও প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের ঘোষণা দেন। এ অবস্থায় সংঘাত এড়াতে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।