রাজনৈতিক কর্মসূচি দিয়ে কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, এখন রাজনৈতিক কর্মসূচি দিয়ে কমিশনের কাজ বাধাগ্রস্ত করা হচ্ছে। অথচ কমিশন আইন অনুযায়ী কাজ করছে। গতকাল রোববার বান্দরবান সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আগামী ১০ ও ১১ জুন খাগড়াছড়িতে ভূমি কমিশনের অনুষ্ঠেয় সভায় সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি সফরে আসেন। কিন্তু কমিশনের কোনো সদস্যই খাদেমুল ইসলামের সঙ্গে দেখা করতে যাননি। তাঁদের অনুপস্থিতিতে তিনি জেলা প্রশাসক তারিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (বাচ্চু), যুগ্ম সম্পাদক মিনারুল হকসহ আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে সার্কিট হাউসে বৈঠক করেন। ভূমি কমিশনের চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, তিন বছর ধরে কমিশনের কাজ পুরোদমে চলছে। কিন্তু এখনো বিরোধ নিষ্পত্তির জন্য পাঁচ হাজারের অধিক আবেদন থেকে একটি মামলাও নিষ্পত্তি করা সম্ভব হয়নি। আইনে সুস্পষ্টভাবে উপস্থিতি ও কাজে সহযোগিতার কথা উল্লেখ থাকলেও কমিশনের গুরুত্বপূর্ণ কিছু সদস্য তাঁদের দায়িত্ব পালন করছেন না। কমিশনের কাজে কেন তাঁরা সহযোগিতা করছেন না, তা তাঁর জানা নেই। খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, কারও দ্বিমত বা মতানৈক্য থাকলে তা বাইরে কোথাও সমালোচনা করলে সমাধান হবে না। কমিশনে এসেই তুলে ধরতে হবে এবং সমাধানের পথ সন্ধান করে নিতে হবে। আগামী ১০ ও ১১ জুন খাগড়াছড়িতে অনুষ্ঠেয় সভায় সব সদস্য উপস্থিত থাকবেন আশাবাদ ব্যক্ত করে খাদেমুল ইসলাম বলেন, সেখানে আবেদিত ভূমি বিরোধ নিষ্পত্তির বিষয়ে শুনানি ও কমিশনের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সার্কিট হাউসে ভিআইপি কক্ষে বৈঠক শেষে জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেছেন, কমিশন চেয়ারম্যান কমিশনের কার্যক্রম, খাগড়াছড়িতে অনুষ্ঠেয় সভা, বিরোধ নিষ্পত্তির শুনানি সম্পর্কে কথা বলেছেন। কিন্তু তাঁরা তেমন কিছু বলেননি।