হরতাল, মিছিল, সমাবেশসহ রাজনৈতিক নানা কর্মসূচি সামাল দিতে পুলিশের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বগুড়ার পেশাদার অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে দুটি খুন, তিনটি ডাকাতি ও বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিব আহসানের সরকারি বাসভবন থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, কয়েক মাস ধরে বগুড়ায় বিরাজমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থতি সামাল দিতেই পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। প্রায় প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচি চলার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে। রাজনৈতিক সহিংসতায় হওয়া মামলা তদন্তের পাশাপাশি আসামি ধরতে পুলিশকে নিয়মিত অভিযান চালাতে হচ্ছে। এসব কারণে পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রম ব্যাহত হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ বগুড়ায় রাজনৈতিক সহিংসতার সময় বেশ কয়েকটি থানা, ফাঁড়ি ও উপজেলা কমপ্লেক্সে হামলার ঘটনায় ১৪ জন মারা যান। এসব ঘটনায় এ পর্যন্ত দায়ের করা ৫৬টি মামলায় আসামির সংখ্যা লক্ষাধিক। পুলিশকে এসব মামলার তদন্ত ও আসামি ধরার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। পাশাপাশি তাদের হরতাল, বিক্ষোভ ও সমাবেশের মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সামাল দিতে ব্যস্ত থাকতে হচ্ছে।৯ এপ্রিল সারিয়াকান্দি উপজেলার যমুনার দুর্গম চরের পাকুড়িয়া গ্রামের একটি বাথানের ৬১টি গরু, রাখালদের কাছ থেকে নগদ টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করে নেয় ডাকাতেরা। ৮ এপ্রিল রাতে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার পারটেকুর ও বীরগ্রাম এলাকায় কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ডাকাতের হামলায় বাসশ্রমিক নাসিম ও যাত্রী আছির উদ্দিন আহত হন। ৬ এপ্রিল শহরের সরকারি আজিজুল হক কলেজ ভবনের পেছনের মাঠ থেকে একটি কাটা পা উদ্ধার করে পুলিশ। ৩ এপ্রিল রাতে একই মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। ২ এপ্রিল দিনের বেলা খুন হন বগুড়া বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের (আইআইটিবি) ছাত্র নাহিদ নেওয়াজ মোল্লা (২০)। রাতে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় মুলতান শেখ (২২) নামে এক যুবককে জবাই করে হত্যা করার চেষ্টার ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে জেলায় দুটি ডাকাতি ও ২৩টি খুনের ঘটনা ঘটে। চলতি বছর একই সময়ে চারটি ডাকাতি ও ৩০টি খুনের ঘটনা ঘটেছে।