রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ
চোখ দুটি কালো কাপড়ে মোড়ানো, দুহাত বাঁধা লাল ফিতায়। আর সেই দুহাতের আঙুলের আলতো ছোঁয়ায় ধরা ফেস্টুন। যাতে লেখা ‘প্রতিবাদের ভাষা ফিরিয়ে দাও’। গতকাল মঙ্গলবার বেলা দুইটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের চিত্র এটি। রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাপস হত্যার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন সেখানে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের এই প্রতীকী প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা জানান, প্রতিক্রিয়াশীল শক্তির বুলেট কেড়ে নিয়েছে তাপস সরকারের প্রাণ। এর আগেও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এসে ফিরে গেছেন লাশ হয়ে। আজ যখন এসব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হয়ে মাঠে নেমেছেন, ঠিক সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন অগণতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয়ে মুক্তবুদ্ধিচর্চার পথ রুদ্ধ করতে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কজন শিক্ষার্থী বলেন, ‘লাল ফিতা ও কালো কাপড় প্রদর্শন করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটিই বলতে চেয়েছে, তাপস হত্যার বিচার করুন, আর না হয় মূল ফটকে লিখে দিন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসো, আর লাশ হয়ে ফিরে যাও।’
শিক্ষার্থীদের এই কর্মসূচি নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে কি না, জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা হয়তো প্রতীকী প্রতিবাদে অংশ নিয়েছিলেন। আর নিষেধাজ্ঞার মধ্যে পড়লে তো অবশ্যই পুলিশ ব্যবস্থা নিত।
গত রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।