
পরীক্ষার ফল প্রকাশ মানেই শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র আনন্দের জোয়ার। সন্ধ্যার আগেই মিষ্টির দোকান খালি হওয়া। কিন্তু গতকাল রোববার প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল ভিন্ন চিত্র।
১৮-দলীয় জোটের কর্মসূচি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গতকাল স্কুলে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। পাড়া-মহল্লায় বেশির ভাগ মিষ্টির দোকান বন্ধ ছিল।
এবার ঢাকা বোর্ডে প্রথম হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
এ ছাড়া তৃতীয় রাজউক উত্তরা মডেল কলেজ, চতুর্থ মাইলস্টোন কলেজ, পঞ্চম মোহাম্মদপুর প্রিপারেটরি হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সপ্তম ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, অষ্টম মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নবম লালবাগের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও দশম ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: রাজধানীর বেইলি রোডে স্কুলের কাছাকাছি যাদের বাসা, সেসব শিক্ষার্থীই মূলত স্কুলে হাজির হয়। সংখ্যায় কম হলেও ড্রামের তালে তালে পরস্পরকে জড়িয়ে আনন্দে মেতেছিল মালিহা মোশারফ, ফারিহা ইসলাম, ওয়ারদাতুল জান্নাত, নাফিসা তাবাসসুম, ইশরাত সাবিনা। শুধু জিপিএ-৫ নয়, তাদের স্কুল বোর্ডেও প্রথম। কিন্তু মনও খারাপ। কারণ, তারা অন্য বান্ধবীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারছে না।
২০১০ সাল থেকে জেএসসি পরীক্ষা শুরু হওয়ার পর এই প্রথম ভিকারুননিসা স্কুল বোর্ডে প্রথম হয়েছে। তা ছাড়া জিপিএ-৫ পাওয়ার হার ৯৭ দশমিক ৯১ শতাংশ।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, দুই মাস ধরেই রাজনৈতিক কর্মসূচির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এত বাধাবিঘ্নের পরও ভালো করেছে শিক্ষার্থীরা।
মিষ্টি কম থাকায় ছোট ছোট টুকরায় ভাগ করে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মুখে তুলে খাইয়ে দেন অধ্যক্ষ মঞ্জু আরা। অভিভাবকসহ সবাইকে এ সাফল্যের জন্য ধন্যবাদ দিয়ে তিনি জানান, এবার স্কুলের এক হাজার ৪৮৯ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৫৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৩ শতাংশ।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ: গতকাল মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জেএসসি উত্তীর্ণদের আনন্দ-উল্লাসে নীরব-নির্জন এলাকা যেন কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পায়।
রাজনৈতিক কারণে রাজধানীর আরামবাগে স্কুলে চারপাশে কোথাও দোকান খোলা ছিল না। রাস্তায় শুধু টহল। শতাধিক শিক্ষার্থী ড্রাম বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশে ব্যস্ত।
ইচ্ছা থাকলেও জিপিএ-৫ পাওয়া তাহসিন কবির বিদ্যালয়ে যায়নি। প্রথম আলোকে সে জানায়, ‘বাসায় বসে টেনশন করেছি। বাবা ফল এনেছেন, এরপর বন্ধুদের সঙ্গে ফোনে আনন্দ ভাগাভাগি করেছি।’
আফসানা হোসেইনের মভালো ফলাফলে আনন্দে কেঁদে বুক ভাসাচ্ছেন মা সেলিনা আক্তার। বারবার স্মরণ করছেন আফসানার বাবা জাহেদ হোসনকে। তিনি দুই বছর আগে ইতালিতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান।
অধ্যক্ষ শাহান আরা বেগম স্কুলের অন্য শিক্ষকদের মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি জানান, স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পরিশ্রমই এই ফলাফলের মূল কারণ।