রাজনৈতিক কারণে চার কিমিতে সংস্কার বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ বরাদ্দ হওয়ার পরও জয়পুরহাট-সান্তাহার সড়কের চার কিলোমিটার অংশের কাজ শেষ হয়নি। এতে দীর্ঘ পাঁচ বছর ধরে এ অংশ দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করার সময় যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট-সান্তাহার সড়কের ওই চার কিলোমিটার অংশ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায়। প্রায় সংস্কার না করায় এ অংশের ইট-খোয়া উঠে গেছে। এলাকাটি বিরোধী দলের এক সাংসদের হওয়ায় অর্থ বরাদ্দের পরও রাজনৈতিক কারণে ওই অংশে সংস্কারকাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাতিয়ানগ্রাম এলাকার বাসিন্দা লুৎফর রহমান বলেন, বেশির ভাগ স্থান ভেঙে যাওয়ায় হালকা ধরনের যান-চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অনেকে ঝুঁকি এড়াতে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে সান্তাহার শহরে যাতায়াত করছে। নাম প্রকাশ না করার শর্তে আদমদীঘি উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, জয়পুরহাট জেলার সরকারদলীয় নারী সাংসদ শাহীন মনোয়ারা হকের চেষ্টায় জয়পুরহাট থেকে সান্তাহার পর্যন্ত ১০ কিলোমিটার সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই অনুযায়ী পাঁচ মাস আগে সংস্কারকাজ শুরু হয়। এক মাস আগে জয়পুরহাট জেলার তিলকপুর থেকে আদমদীঘির ছাতিয়ানগ্রাম এলাকা পর্যন্ত ছয় কিলোমিটারে সংস্কারকাজ শেষ হয়। এরপর ছাতিয়ানগ্রাম এলাকা থেকে চার কিলোমিটারে কাজ বন্ধ হয়ে যায়। বগুড়ার একজন সরকারদলীয় সাংসদ এই কাজের টাকা কেটে নিয়ে তাঁর এলাকায় নিয়ে যান। এতে সংস্কারকাজ আর এগোয়নি। সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, যদি কোনো সাংসদ এই রাস্তার জন্য বরাদ্দ করা অর্থ কেটে তাঁর এলাকায় নিয়ে যান, তাহলে তিনি অন্যায় করেছেন। আদমদীঘি উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদ জানান, রাস্তার ওই অংশ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে অর্থ বরাদ্দ না থাকায় কাজ করা যাচ্ছে না।