রাজনৈতিক কারণে ড্যাপ বাস্তবায়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কারণে ড্যাপ (বিশদ অঞ্চল পরিকল্পনা) বাস্তবায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা। তাঁদের মতে, ড্যাপ বাস্তবায়নে অনিশ্চয়তা ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে।গতকাল শনিবার ‘ভবিষ্যতের জন্য উত্তম অবকাঠামো’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তাঁরা এ কথা বলেন। তাঁরা মনে করেন, ড্যাপ বাস্তবায়ন ও মৃতপ্রায় ঢাকাকে বাঁচাতে রাজনীতিবিদদের সদিচ্ছা সবচেয়ে জরুরি।দ্য ডেইলি স্টার ও স্টিল রি-রোলিং কারখানা কেএসআরএম আয়োজিত এই গোলটেবিল আলোচনায় সঞ্চালক ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ঢাকাকে একটি সুন্দর নগর হিসেবে গড়ে তুলতে অনেক পরিকল্পনা আছে এবং এখনো হচ্ছে। কিন্তু এগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। জামিলুর রেজা চৌধুরীর মতে, ঢাকাকে বাসযোগ্য করতে কলকারখানাগুলোকে ঢাকার বাইরে স্থানান্তর ও জনসংখ্যার চাপ কমাতে হবে। আশপাশের জেলার যোগাযোগব্যবস্থা উন্নত করতে হবে। স্থপতি মোবাশ্বের হোসেনের আশঙ্কা, ড্যাপের বাস্তবায়ন এ সরকারের আমলে হবে না। তিনি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পেশাজীবীদের রাখা ও ঢাকার বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করার পরামর্শ দেন।স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস ইসমাইল বলেন, নগর পরিকল্পনাবিদেরা শুধু পরিকল্পনা করেন, তা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছুই বাস্তবায়ন করা হয় না। তিনি বলেন, ‘আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই নাজুক। এটাকে শক্তিশালী করতে হবে। সবাই যাতে ট্রাফিক আইন মেনে চলে, তা নিশ্চিত করা উচিত। তাহলে ঢাকা শহরের যানজট অন্তত ৩০-৪০ ভাগ কমে যাবে।’রাজউকের সদস্য (উন্নয়ন) এম মাহবুব আলম দাবি করেন, রাজউককে ৪৫০ কোটি টাকা দিলে ১০ মাসের মধ্যে ঢাকার যানজটকে সহনীয় পর্যায়ে আনা যাবে। স্থপতি শাকুর মজিদ বলেন, ঢাকা থেকে কীভাবে জনসংখ্যার চাপ কমানো যায় তার জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই। এ জন্য সুষ্ঠু পরিকল্পনা জরুরি। বৈঠকে অন্যান্যের মধ্যে ডেইলি স্টার-এর প্রতিরক্ষা কৌশলবিষয়ক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোনাজ আহমেদ নূর, কেএসআরএমের মহাব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য দেন।