রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দিচ্ছে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপি সুবিধা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। কী কারণে তারা এটা দিচ্ছে না, সেটা বোধ হয় এখানে বলা উচিত হবে না। তবে আমি কারণটা রাজনৈতিক বলে মনে করি। যুক্তরাষ্ট্র আমাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা দেয় না। তারা যে জিএসপি সুবিধা দিত, সেটাও বন্ধ করে দিয়েছে। জিএসপি সুবিধার জন্য যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল, আমরা সব শর্তই পূরণ করেছি। এখন কোনো শর্ত বাকি নেই। দুর্ভাগ্য, শর্ত পূরণের পরও জিএসপি সুবিধা পাইনি।’

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পাঁচটার পর অধিবেশন শুরু হয়।

জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের থেকেও আমাদের চীনের সঙ্গে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে। আরও অনেক দেশের সঙ্গে এ ধরনের ঘাটতি রয়েছে। কিন্তু বারবার কেন ভারতকে তুলে ধরা হয়, জানি না। অনেকের ধারণা, বাণিজ্য ঘাটতি ক্ষতির বিষয়। কিন্তু বাস্তবে তা নয়। প্রতিবেশী দেশ ভারত থেকে আমরা সুতাসহ বিভিন্ন কাঁচামাল আমদানি করি। আমাদের দেশের স্বার্থেই ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে। আমাদের সঙ্গে ভারতের বাণিজ্য কখনোই সমান হবে না।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত সাড়ে সাত বছরে দ্রব্যমূল্য গড়ে ৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে গত ২০১৫-১৬ অর্থবছরে এই বৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৯ শতাংশ।