রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র জিএসপি দিচ্ছে না: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দিচ্ছে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপি সুবিধা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। কী কারণে তারা এটা দিচ্ছে না, সেটা বোধ হয় এখানে বলা উচিত হবে না। তবে আমি কারণটা রাজনৈতিক বলে মনে করি। যুক্তরাষ্ট্র আমাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা দেয় না। এ ছাড়া তারা যে জিএসপি সুবিধা দিত, সেটাও বন্ধ করে দিয়েছে। জিএসপি সুবিধার জন্য যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল, আমরা সব শর্তই পূরণ করেছি। এখন আর কোনো শর্ত বাকি নেই। দুর্ভাগ্য হচ্ছে, শর্ত পূরণের পরও আমরা জিএসপি সুবিধা পাইনি।’
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়।
জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘ভারতের থেকেও আমাদের চীনের সঙ্গে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে। আরও অনেক দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের ঘাটতি রয়েছে। কিন্তু বারবার কেন ভারতকে তুলে ধরা হয়, জানি না। অনেকের ধারণা, বাণিজ্য ঘাটতি ক্ষতির বিষয়। কিন্তু বাস্তবে তা নয়। প্রতিবেশী দেশ ভারত থেকে আমরা সুতাসহ বিভিন্ন কাঁচামাল আমদানি করি। আমাদের দেশের স্বার্থেই ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে। আমাদের সঙ্গে ভারতের বাণিজ্য কখনোই সমান হবে না।’
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত সাড়ে সাত বছরে দ্রব্যমূল্য গড়ে ৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে গত ২০১৫-১৬ অর্থবছরে এই বৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৯ শতাংশ। আফজাল হোসেনের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, অবৈধভাবে এমএলএম (বহু স্তর বিপণন) ব্যবসা পরিচালনাকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিধিমালার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় গত ২০১৫-১৬ অর্থবছরে কোনো এমএলএম কোম্পানির লাইসেন্স নবায়ন করা হয়নি।
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সরকার এ বছর সেপ্টেম্বর থেকে গ্রামীণ জনপদের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রতি কেজি ১০ টাকা করে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণের কার্যক্রম চালু করেছে। সারা দেশে ৫০ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ কর্মসূচি প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চলবে।