ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন প্রতিবেদন
রাজনৈতিক গোলযোগে নিপীড়নের শিকার ধর্মীয় সংখ্যালঘুরা
রাজনৈতিক গোলযোগের সময় বাংলাদেশের হিন্দু এবং অন্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমবর্ধমান হারে নিপীড়ন ও শারীরিক হামলার শিকার হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওয়াশিংটনের স্থানীয় সময় গত ২৮ জুলাই দুপুরের দিকে বার্ষিক এ প্রতিবেদনটি উন্মোচন করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের তৈরি করা এ প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, বাংলাদেশজুড়ে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ঘরবাড়ি আগুন ধরানোর পাশাপাশি লুটপাটের শিকার হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনকে উদ্ধৃত করে এতে বলা হয়েছে, গত বছর মন্দিরের ৪৯৫টি মূর্তি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া হিন্দুদের ২৭৮টি বাড়ি ও ২০৮টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। একই সময়ে ১৮৮ জন আহত ও একজন প্রাণ হারান। বছরজুড়েই হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর এ ধরনের হামলা অব্যাহত ছিল।
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংগঠন ও হিন্দু সম্প্রদায়ের নেতারা এসব হামলার জন্য শিবিরের ওপর দোষারোপ করেছেন। অবশ্য বিএনপি ও তার জোট সঙ্গী জামায়াতে ইসলামী ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের দাবির পাশাপাশি এসব হামলার দায় অস্বীকার করেছে।
আসককে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, সরকারকে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া থেকে নিবৃত্ত রাখতে ভয়ভীতি দেখানোর পন্থা হিসেবে জামায়াতের সমর্থকেরা এসব হামলা চালিয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের নেতারা অভিযোগ করেছেন, সরকার কখনো কখনো তাঁদের ওপর হামলাকারীদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। কোনো কোনো সময় পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। আর আদালত কার্যকরভাবে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেননি।