রাজনৈতিক চাপ এড়াতে লটারি
রাজনৈতিক দলের চাপ এড়াতে ও অনিয়ম দূর করতে লটারির মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদে।ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ১৭৬ জন শ্রমিক কাজ পাবেন। শ্রমিকের তালিকা তৈরিতে চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি শ্রমিক বিভিন্নভাবে চেষ্টা চালান। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা শ্রমিক নিয়োগের তালিকা তৈরিতে তদবির শুরু করেন। তখন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিস্থিতি সামাল দিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রাম পুলিশ ও মাইক দিয়ে উপযুক্ত ব্যক্তিদের লটারিতে অংশ নিতে আহ্বান জানান। পরে গত মঙ্গলবার প্রায় ৭০০ জন আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে ১৭৬ জন শ্রমিককে তালিকাভুক্ত করা হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মারুফ রহমান বলেন, শ্রমিক নিয়োগে যেন কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি করার সুযোগ না থাকে, এ জন্য তিনি লটারির ব্যবস্থা করেন।