ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের এমপিডাঙ্গি এলাকায় পদ্মা নদীর তীরের অবৈধ খেয়াঘাট নিয়ে জেলা প্রশাসন এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজনৈতিক চাপে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।১০ দিনের মধ্যে আইনগত পদক্ষেপ নেওয়ার আদেশ দেন হাইকোর্ট। প্রশাসক হেলালুদ্দীন আহমদ গত ১২ ডিসেম্বর আদেশ হাতে পাওয়ার পর মঙ্গলবার সকাল ১০টায় ঘাট এলাকা পরিদর্শন করেন। বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের সঙ্গে সভা করেন। এই সভা কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় দুপুর একটায়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক ছাড়াও উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক, উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, ঘাটটির বৈধতা না থাকলেও চার ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতিসহ নেতা-কর্মীরা ‘জনস্বার্থে’ চালু রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। সভায় জেলা প্রশাসক চলমান বাংলা অর্থবছরের বাকি চার মাস এমপিডাঙ্গি গ্রামের নতুন ঘাটটি বন্ধ রেখে আগামী অর্থবছর থেকে চালু করার পরামর্শ দেন। কিন্তু চার চেয়ারম্যানসহ নেতা-কর্মীরা এই প্রস্তাবের বিরোধিতা করেন। তাঁরা ইজারাদারের নানা অনিয়ম তুলে ধরে নতুন ঘাটটি বহাল রাখার পক্ষে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন। জেলা প্রশাসক সভায় অবৈধ ঘাটটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হাইকোর্টের আদেশ এবং তা মানার বাধ্যবাধকতার কথা উল্লেখ করেন। কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে তিনি এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দিয়েই সভা শেষ করতে বাধ্য হন।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি মঙ্গলবার সরেজমিনে ঘাট এলাকা পরিদর্শন করেছি। চরভদ্রাসন উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় চার ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা নতুন এই ঘাটটি রাখার পক্ষে জোরালো দাবি তুলেছেন। আমি সবার বক্তব্য শুনেছি, তবে কোনো সিদ্ধান্ত দিইনি।’ চরভদ্রাসন সদরের গোপালপুর এলাকায় জেলা প্রশাসনের ইজারা দেওয়া ঘাটটির দুই কিলোমিটার দূরে এমপিডাঙ্গিতে একটি অবৈধ ঘাট চালু করা হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মদদে গত ২৪ নভেম্বর থেকে ওই ঘাটে যাত্রী পারাপার শুরু হয় বলে অভিযোগ রয়েছে। ১৪১৮ বাংলা সনের জন্য উপজেলার গোপালপুর ঘাটটি ৮৩ লাখ টাকায় ইজারা নেন আ. কুদ্দুস পাটনী। কিন্তু এমপিডাঙ্গিতে নতুন ঘাট স্থাপনের কারণে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন।ওই দিনই তিনি অবৈধ ঘাটটি উচ্ছেদের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। পরে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। ৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এ এইচ এম সামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ অবৈধ ওই ঘাটটির ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।