রাজনৈতিক চাপে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়

শিক্ষক-জনবল নিয়োগ, দরপত্রপ্রক্রিয়াসহ অভ্যন্তরীণ নানা কাজে সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনৈতিক দলের চাপ থাকে। এসবের প্রভাবমুক্ত না হলে সরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়।
এ মন্তব্য করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করতে হলে অশুদ্ধ ও অপরাজনীতি বন্ধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দুই দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিনে এ মন্তব্য উঠে আসে। ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ শীর্ষক বৈঠক শুরু হয় গতকাল থেকে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে এর আয়োজন করা হয়েছে। আজ এই বৈঠকের সমাপনী পর্বে মুক্ত আলোচনায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ইউজিসির সদস্য ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে তাঁদের সমস্যা-সংকট ও অসহায়ত্বের কথা তুলে ধরেন।
বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাইরের যে চাপ আসে, তাতে কোনো উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত এবং সেখানে শুদ্ধাচার বাস্তবায়ন করতে হলে আগে সরকারের নীতি পরিবর্তন দরকার।
প্রথমবারের মতো ঢাকার বাইরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ শিক্ষক ও জনবল নিয়োগে চাপ ও প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ‘চার মাস আগে উপাচার্য পদে নতুন বিশ্ববিদ্যালয়ে যোগদান করে অনেক চ্যালেঞ্জে পড়েছি। আমার বাসায় ডানে-বাঁয়ে, সামনে-পেছনে সবখানে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্তের ছড়াছড়ি। রাজনৈতিক তদবির থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সচিবেরা পর্যন্ত প্রার্থী নিয়োগে সুপারিশ করেছেন। এভাবে চললে বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার বাস্তবায়ন কীভাবে সম্ভব?’
উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুনর রশীদ বলেন, ‘রাজনৈতিক চাপ এবং প্রভাবের কারণে উপাচার্যরা অসহায়। দরপত্র ও জনবল নিয়োগে সরকারের প্রভাবশালী মহল থেকে ফোন আসে অমুককে কাজ দিয়ে দাও, অমুককে নিয়োগ দাও। এভাবে বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়।’
সমাপনী দিনে আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, যুগ্ম সচিব বেলায়েত হোসেন তালুকদার, উপসচিব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত সচিব মহিউদ্দীন খান, ইউজিসির পরিচালক মিজানুর রহমান, জ্যোষ্ঠ সহকারী পরিচালক কামাল হোসেন, অতিরিক্ত পরিচালক ওমর ফারুক, পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আবদুল মতিন প্রমুখ।