কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় গত শনিবার রাতে সংঘটিত হামলার ঘটনায় গতকাল সোমবার আহত আবদুর রহিম ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে মামলা নিয়েছে পুলিশ।আবদুর রহিমের পরিবার অভিযোগ করেন, রাজনৈতিক চাপে পুলিশ মামলাটি দায়ের করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সামনে এ ঘটনা ঘটলেও পুলিশ উল্টো তাঁদের বিরুদ্ধেই মামলা নিয়েছে।আবদুর রহিমের ওপর হামলাকারী ওসমানের মৃত্যুর ঘটনায় তাঁর ভাই মো. ইসমাঈল বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে আবদুর রহিম শনিবার রাত ১১টায় থানা সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ফুলতলা (দি কিং অব চকরিয়া ক্লাবের সামনে) এলাকায় পৌঁছালে পৌরসভার ভরামুহুরী গ্রামের মৃত আহমেদ কবিরের ছেলে ওসমান গনির নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এ সময় হামলাকারীরা রহিমকে কোপাতে কোপাতে ফের থানা সেন্টার এলাকায় নিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।এদিকে হামলাকারী ওসমান গনি পুলিশের ভয়ে ঘটনার পরপরই বাড়িতে চলে যান। পরে রাত দুইটায় ওসমান বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।আবদুর রহিমের মামা ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহামঞ্চদ অভিযোগ করেন, স্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করে হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়েছে। তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিহত ওসমানের ভাই ইসমাঈল বাদী হয়ে হত্যা ও তাঁর বোনকে অপহরণের অভিযোগে থানায় এজাহার দেওয়ায় মামলা নেওয়া হয়েছে। এতে কোনো প্রকার রাজনৈতিক চাপ ছিল না বলেও দাবি করেন তিনি।