রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে দুর্যোগ মোকাবিলার তাগিদ
রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে উঠে দুর্যোগ মোকাবিলায় কাজ করতে হবে। রাজনৈতিক চাপ এলে তা মোকাবিলা করে স্থানীয় জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
আজ সোমবার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবনে ‘দুর্যোগে ঝুঁকি হ্রাসে সাউথখালী ইউনিয়নবাসীর উদ্যোগ’ শীর্ষক এক জাতীয় সভায় বক্তারা এসব কথা বলেন।
ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাত মোকাবিলা করে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের অধিবাসীরা কীভাবে এগিয়ে গেছে, সেসব কথা জানাতেই এই সভার আয়োজন করা হয়। জাপানভিত্তিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়—বাংলাদেশের সহযোগিতায় সাউথখালী ইউডিএমসি ও জেজেএস যৌথভাবে এর আয়োজন করে।
সভায় সাউথখালী ইউনিয়ন থেকে আসা দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। তাঁরা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণকে প্রস্তুত রাখলে ও প্রশিক্ষণ দিলে দুর্যোগে ঝুঁকি কমে বলে সভায় জানানো হয়।