রাজনৈতিক টানাপোড়েনই সহিংসতার জন্য দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে শিক্ষক, লেখক-প্রকাশক, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ ৩০ জনের (প্রকৃত সংখ্যা ৪৯) বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বর্তমানে এই সন্ত্রাসী অপতৎপরতাই দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন লন্ডনভিত্তিক বৈশ্বিক ঝুঁকি ও কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান ‘কন্ট্রোল রিস্কস’-এর দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক রোমিতা দাস।
গতকাল শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘কনজ্যুমারস নিউজ অ্যান্ড বিজনেস চ্যানেল’ বা সিএনবিসির একটি নিবন্ধে রোমিতা দাসের ওই মতামত তুলে ধরা হয়েছে। ‘ডিপ পলিটিক্যাল টেনশনস্ আন্ডারলাইন বাংলাদেশ ভায়োলেন্স’ শিরোনামের ওই নিবন্ধে বলা হয়, বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কয়েকটির দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার শাখা একিউআইএস। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বরাবরই দেশে এ ধরনের জঙ্গি সংগঠনের অস্তিত্ব অস্বীকার করে এসেছে।
এ ব্যাপারে রোমিতা দাস বলেন, ‘বাংলাদেশের ভেতরেই নিজেদের নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে জঙ্গি সংগঠনগুলো নিজেদের কর্মীদের ছোট ছোট দলে ভাগ করে দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে। ফলে তাদের খুঁজে বের করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে।’
বিশ্লেষকেরা এখন বাংলাদেশ সরকারের অব্যবস্থাপনাকেই চলমান সহিংসতার অন্যতম কারণ বলে মনে করছেন। রোমিতা দাসের ভাষ্যমতে, ‘সাম্প্রতিক বছরগুলোয় দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সংকুচিত করে ফেলার কারণে একধরনের নেতৃত্ব সংকটের সৃষ্টি হয়েছে। মৌলবাদী শক্তি এ শূন্যতাকেই কাজে লাগাচ্ছে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্রাটফর চলতি সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই দৃঢ়তার সঙ্গে বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই বলে দাবি করে আসছেন। খুব সম্ভব বিদেশি বিনিয়োগ, বিশেষ করে দেশের তৈরি পোশাক রপ্তানি খাতের বিনিয়োগ অটুট রাখতেই তিনি এমনটা দাবি করছেন। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।’
প্রতিবেদনে স্ট্রাটফর বলেছে, ‘সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দায় বিএনপি-জামায়াতের ওপর চাপিয়ে শেখ হাসিনা আসলে নিরাপত্তা বাড়ানোর নামে দল দুটোকে আরও সংকুচিত করার যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামসের ভাষ্যমতে, ‘যখন ব্লগাররা হত্যাকাণ্ডের শিকার হচ্ছিলেন, তখন সরকার সবাইকে বুঝেশুনে লেখার (স্বনিয়ন্ত্রণের) উপদেশ দিচ্ছিল। এটা সত্যিই ভয়াবহ।’
স্ট্রাটফর, কন্ট্রোল রিস্ক এবং হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি, ঋণ ও দারিদ্র্যের হার কমে এসেছে। তবে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেশের সংবাদমাধ্যমগুলোর ওপর সরকারের খড়্গ নেমে আসার এবং মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার সমালোচনা করে আসছে। চলতি বছর বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। একই সময় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠেছে।
নিউইয়র্কভিত্তিক ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান মুডি’স ইনভেস্টরস সার্ভিসের ঝুঁকি বিশ্লেষক আনুশকা শাহও বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক হারে মেরুকরণের সৃষ্টি হয়েছে।’ এখন সহিংস ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও তা যদি অব্যাহত থাকে, তাহলে দেশটিতে ঝুঁকি বৃদ্ধির কারণে তার ঋণ পরিশোধ ক্ষমতার বর্তমান ‘বিএথ্রি’ মান বিপন্ন হতে পারে।
নিউইয়র্কভিত্তিক আরেক ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ফিচ রেটিংসের থমাস রুকমাকার বলেন, ‘নিরাপত্তা ইস্যুর কিছু বিষয় নিশ্চিত না করলে বা বজায় না থাকলে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে, যদি বিনিয়োগকারী এবং ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত থেকে তাদের ব্যবসা গুটিয়ে অন্য কোনো দেশে নিয়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে।’
স্ট্রাটফর এবং কন্ট্রোল রিস্ক বলছে, বাংলাদেশে বিরোধী গোষ্ঠীগুলোকে এমনভাবে প্রান্তিকীকরণ করা হয়েছে যে, এখন সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামার শক্তিও তাদের নেই। স্ট্রাটফর বলছে, ‘শেখ হাসিনা হয়তো ভাবছেন, যদি তিনি দেশের জাতীয় প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপর রাখার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্যের হার কমিয়ে আনা এবং স্বাস্থ্যসেবায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন, তাহলে ভোটাররা হয়তো তাঁর একদলীয় শাসনব্যবস্থাকে মেনে নেবে এবং ২০১৮ (প্রকৃতপক্ষে ২০১৯) সালের নির্বাচনে আওয়ামী লীগই জয় পাবে।’