
রাজনৈতিক দল হচ্ছে গণতন্ত্রের বাহন। কিন্তু বাংলাদেশে সেই রাজনৈতিক দল ও তার নেতৃত্ব হয়ে উঠেছেন গণতন্ত্রের প্রধান সমস্যা। রাজনীতিকদের কাছে মানুষের প্রত্যাশা আইনের শাসন। কিন্তু দেশে এখন এর বড়ই অভাব। অপশাসনই তাঁদের জন্য লাভজনক হয়ে উঠেছে। এই ধারা চললে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে রাজনৈতিক দল ও গণতন্ত্র’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অধ্যাপক রেহমান সোবহানের সঞ্চালনায় এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মওদুদ আহমদের মতো অভিজ্ঞ রাজনীতিক ও সুশীল সমাজের বিশিষ্টজনদের আলোচনায় দুর্নীতি-দুর্বৃত্তায়নের রাজনীতি নিয়ে নিরেট বিষয়ে আলোচনাও প্রাণবন্ত হয়ে ওঠে। যার পরিপ্রেক্ষিতে রেহমান সোবহান বলেন, এই সংলাপ অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে সবার অংশগ্রহণে সহবত ও শিষ্টাচার মেনে যে রকম প্রাণবন্ত আলোচনা হলো, দেশের রাজনীতিতে সেই সহবত ও শিষ্টাচার ফিরে আসুক।
সংলাপে তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিকদের হাত থেকে রাজনীতি কেড়ে নিয়ে তা বিপথগামী করেছে সামরিক শাসকেরা। তারপর ক্রমান্বয়ে তা আরও কঠিন ও জটিল হয়েছে। এখন নির্বাচন ও সংসদ বর্জনের রাজনীতি পরিহার করে সবাই মিলে চেষ্টা করতে হবে দলে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার।
এর আগে মওদুদ আহমদের বক্তব্যের সূত্র ধরে তোফায়েল আহমেদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তাঁরা যথেষ্ট স্বস্তিকর অবস্থায় (কমফোর্টেবল পজিশন) আছেন। দেশে-বিদেশে সবার সঙ্গে আলোচনায় বোঝা যায়, সবকিছু সেটেল হয়ে গেছে। এ পর্যায়ে মওদুদ আহমদ বলেন, চালিয়ে যান। জবাবে তোফায়েল বলেন, ‘চালিয়ে তো আমরা যাবই, ভালোভাবেই চালিয়ে যাব।’
রাজনৈতিক সহবত ও সহমর্মিতা প্রসঙ্গে বলতে গিয়ে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু কীভাবে জেলখানা থেকে পাঠানো সবুর খানের একটি ব্যক্তিগত চিঠির পরিপ্রেক্ষিতে তাঁকে এক দিনের মধ্যে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন; কীভাবে কারাবন্দী শাহ্ আজিজুর রহমানের পরিবারবর্গের খোঁজখবর রাখতেন, তা উল্লেখ করেন।
এ পর্যায়ে মওদুদ আহমদ বলেন, আপনারা সে রকম হন না কেন? জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘কিছু কিছু বিষয়ে আমরা তো আপনাদের অনুসরণ করি।’
মওদুদ আহমদ তাঁর বক্তব্যে বিএনপির সঙ্গে সংলাপ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সমঝোতার কথা বলেন। এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘আপনারা সরকারকে বলছেন অবৈধ। আবার তাঁদের সঙ্গে সংলাপ চান। সংলাপে বসলে বলবেন পদত্যাগ করতে। আমরা তো তা করব না। কাজেই যথাসময়ে সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। সিটি করপোরেশনগুলোর নির্বাচনে নিশ্চিত বিজয়ের ইঙ্গিত পেয়েও ৫ জানুয়ারির নির্বাচনে না এসে যে ভুল করেছেন, তার মাশুল দিন।’
মওদুদ আহমদ তাঁর বক্তৃতায় বলেন, জাতীয় পর্যায়ের রাজনীতিও অনৈতিকতা ও মিথ্যাচারে ছেয়ে গেছে। রাজনৈতিক দল ও নেতৃত্বের দূরদৃষ্টি অনুযায়ী একটা দেশ অগ্রসর হয়। বাংলাদেশ সেভাবে খুব একটা অগ্রসর হতে পারেনি। তিনি সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সম্পর্ক ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক মামলা প্রত্যাহারের পরামর্শ দিয়ে বলেন, ‘এর ফলে রাজনৈতিক পরিবেশই বদলে যেতে পারে। এ ছাড়া সভা-সমাবেশ করতে দিন। তাহলে হরতাল বা সংঘাতের কোনো কর্মসূচি দেওয়া হবে না। আর যদি তা না করেন, যদি এভাবেই চলতে থাকে, তাহলে একসময় আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের ভয়াবহ সংঘাত হবে। আমাদের কিছু করতে হবে না। সে সুযোগও আমরা পাব না। আমরা তো এখনই আপনারা অনুমতি না দিলে সভা-সমাবেশ করতে পারি না।’
এর আগে অন্য বক্তারা দেশের কয়েক দশকের রাজনীতির কদর্য রূপ তুলে ধরে সমালোচনা করেন। তাঁরা বলেন, প্রধান প্রধান রাজনৈতিক দল দুর্নীতি ও মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেয়, গডফাদার তৈরি করে। অধিকাংশ ক্ষেত্রে তাঁদেরই নির্বাচনে মনোনয়নও দেয়। দলগুলো নিজেদের গঠনতন্ত্র মানে না। আইনও অমান্য করে। দলগুলোর নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি গণতান্ত্রিক নয়। তহবিল সংগ্রহ ও ব্যবহার অস্বচ্ছ। দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা ক্রমেই দুর্বলতর হচ্ছে। এই ধারা রাজনীতি ও গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। নারায়ণগঞ্জের রোমহর্ষক সাত খুনের ঘটনা এই রাজনীতি ও অপশাসনেরই প্রতিচ্ছবি।
বক্তাদের এই আলোচনার সূত্র ধরিয়ে দেন সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক রওনক জাহান। সংলাপের আলোচ্য বিষয়টি ছিল তাঁর নেতৃত্বে পরিচালিত একটি জরিপে পাওয়া তথ্য-উপাত্তভিত্তিক উপস্থাপনা। দেশের প্রধান চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর মধ্যে তিনি জরিপটি চালান। তবে জামায়াতের কার্যালয় বেশির ভাগ সময় বন্ধ থাকায় এই দলটির তথ্য অন্য তিনটির তুলনায় কম পাওয়া গেছে।
উপস্থাপনায় রওনক জাহান বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যে রাজনৈতিক দলগুলোর অনেক বড় বড় সাফল্য রয়েছে, সেই দলগুলোই ক্ষমতায় গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ। এমনকি এই দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাও দুর্বলতর হয়েছে। দলগুলোর নেতৃত্ব কেন্দ্রীভূত। পারিবারিক ও উত্তরাধিকারসূত্রের। প্রধান তিন দলের শীর্ষ ব্যক্তিরা প্রায় তিন দশক ধরে পদে আছেন। অনেক জাতীয় নেতার স্ত্রী-পুত্র-প্রপৌত্ররাও উত্তরাধিকারসূত্রে দলে পদ পান। নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন। বেশ কয়েকটি আছে রাজনৈতিক পরিবার। এর কোনো কোনো পরিবারের একেক সদস্য একেক দলে অবস্থান করেন। আর রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ বিভিন্ন দিবস পালন। দলের নীতি-আদর্শ নিয়ে কোনো আলোচনা বা অনুষ্ঠান হয় না। অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে দলগুলোতে কোনো ব্যবস্থা নেই। দ্বন্দ্ব সব সময় বেশি হয় সরকারি দলের মধ্যে। কারণ, এগুলো সবই স্বার্থসংশ্লিষ্ট। আদর্শকেন্দ্রিক নয়। দল ধরে রাখা হয় সরকারি সুযোগ-সুবিধা দিয়ে।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক দলের সঙ্গে ক্যান্টনমেন্টের নেক্সাস রাষ্ট্রক্ষমতার নিয়ামক হওয়ার পর থেকে গণতন্ত্রের প্রাণশক্তি জনগণ, সুশাসন প্রভৃতি উপেক্ষিত।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জনগণের কাছে দায়বদ্ধ স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র হবে না।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, সবার আগে দরকার একটি সুষ্ঠু নির্বাচনব্যবস্থা। যেহেতু সরকারি দল
সবকিছু কুক্ষিগত করে, সেহেতু নির্বাচনে ‘বিজয় ছিনিয়ে আনা’ তাঁদের মুখ্য উদ্দেশ্য হয়। যারা তা ছিনিয়ে আনার ক্ষমতা রাখেন, তাঁদেরই মনোনয়ন দেওয়া হয়। কাজেই নির্বাচনব্যবস্থাটি গুরুত্বপূর্ণ।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনও নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেন। সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও নির্বাচনী প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে অনেকগুলো ইতিবাচক অর্জন ছিল, যা আবার হারিয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনতে হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এক ব্যক্তিনির্ভর দল ও শাসনব্যবস্থা স্বৈরতান্ত্রিক হতে বাধ্য বলে উল্লেখ করেন।
সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামান দেশের রাজনীতি, গণতন্ত্র ও রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিপিডির অ্যাডভোকেসি কার্যক্রম চালানো দরকার বলে উল্লেখ করেন; যেমন করেছিল ২০০৬ সালে নাগরিক কমিটি গঠন করে। সাংবাদিক ও কলাম লেখক মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, দেশের রাজনীতি বিশেষভাবে অসুস্থ হয়েছে। সিপিডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা দরকার।
গবেষক বিনায়ক সেন বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের কাছ থেকে চাপ এলেই রাজনীতি ও দলের পরিবর্তন হবে। কার্যকরভাবে এই চাপ সৃষ্টি হতে আরও কিছুদিন সময় লাগবে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতা পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ শিরিন আখতার, সাবেক সাংসদ এস এম আকরাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান, মাজেদুল ইসলাম, মনিরা খান, মুন্সী মোহাম্মদ ফায়েজ প্রমুখ বক্তব্য দেন।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।