রাজনৈতিক দল গঠনে হুজিকে সহায়তা করে ডিজিএফআই
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশকে (হুজি-বি) আইডিপি নামে রাজনৈতিক দল গঠনে সহায়তা করেছিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। আর এ নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের কাছে সাফাই গেয়েছিলেন ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক এ টি এম আমিন।বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ২০০৮ সালের ৫ ও ১৬ অক্টোবর ওয়াশিংটনে পাঠানো দুটি গোপন তারবার্তায় এসব কথা উল্লেখ করেছেন। সম্প্রতি ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকস এই তারবার্তা ফাঁস করে।তারবার্তায় বলা হয়েছে, জঙ্গি সংগঠন হুজি-বি রাজনৈতিক স্বীকৃতি চায়। এই লক্ষ্যে তারা আইডিপি (ইসলামী ডেমোক্রেটিক পার্টি) নামে একটি রাজনৈতিক দল গঠন করে।এর পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলেছেন, হুজি-বিকে মূলধারার রাজনীতিতে আসার অনুমোদন দেওয়া উচিত নয়।তারবার্তায় বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে আইডিপি দেশব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। যদিও দলটির নেতাদের দাবি, তাঁরা শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তবে সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রদূতের এ বিষয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, দলটি তাদের মূল সন্ত্রাসী সংগঠন ত্যাগ করেনি।তারবার্তায় বলা হয়েছে, ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষ অংশ নেয়।ঢাকার অস্ট্রেলীয় দূতাবাসের কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে তারবার্তায় বলা হয়, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদ কমান্ডার আবদুস সালাম আইডিপির আহ্বায়ক। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, দলটি বাংলাদেশে ইসলামি শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, তবে তা সন্ত্রাসী পন্থায় নয়।১৬ অক্টোবর পাঠানো তারবার্তায় বলা হয়েছে, ডিজিএফআইয়ের জঙ্গি দমনসংক্রান্ত গোয়েন্দা শাখার (কাউন্টার টেরোরিজম ইন্টিলিজেনস ব্যুরো) তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন ১৫ অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টিসহ দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর ও আঞ্চলিক কাউন্সেলরের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে এ টি এম আমিন আইডিপিকে মূলধারার রাজনীতিতে নিয়ে আসতে ডিজিএফআইয়ের তৎপরতার পক্ষে সাফাই গেয়েছেন। তবে মার্কিন রাষ্ট্রদূত এই পদক্ষেপের বিরোধিতা করেন। তিনি হুজির কর্মকাণ্ড নিয়ে বিশেষ করে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে মার্কিন সরকারের উদ্বেগের কথা জানান। এর পরিপ্রেক্ষিতে এ টি এম আমিন বলেন, তাঁরা আইডিপিকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন। তবে তিনি স্বীকার করেন, এ ক্ষেত্রে সতর্কতা দরকার।এ টি এম আমিনের খোঁজ না পাওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র প্রথম আলোকে জানায়, তিনি এখন দেশে নেই।বর্তমান সরকারের আমলে এ টি এম আমিন মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যান। গত ৩ জুলাই আদালতে জমা দেওয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রে এ টি এম আমিনকেও আসামি করা হয়েছে। আদালতের নথিতে তিনি এখন এই মামলার পলাতক আসামি।