রাজনৈতিক দল হচ্ছে গণসংহতি আন্দোলন
রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করছে গণসংহতি আন্দোলন। আজ শনিবার সংগঠনটির ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও দলীয় প্রতীক অনুমোদন এবং নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে সংগঠনটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এসব তথ্য বলেন। গতকাল বিকেল চারটা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির সাংগঠনিক অধিবেশন। এই অধিবেশন বিরতিসহ চলবে আজ সন্ধ্যা পর্যন্ত। এরপরই ঘোষিত হবে কেন্দ্রীয় কমিটি।
গণসংহতি আন্দোলনের ভবিষ্যতের কর্মপন্থার ব্যাখ্যা দিয়ে উদ্বোধনী অধিবেশনে জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলন জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদার ওপর প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক এবং উত্পাদনশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়। তাঁদের এই সাংগঠনিক সম্মেলনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলন একটি রাজনৈতিক দলে রূপান্তর হবে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে ‘বাংলাদেশে এখন জ্ঞানের চর্চা নেই’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষার বিস্ফোরণ হচ্ছে, জিপিএ-৫ পাচ্ছে, গোল্ডেন হচ্ছে। কিন্তু তার ভেতরে মান নেমে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তরের মতো সমাজে জ্ঞানের মানও নেমে যাচ্ছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রসঙ্গে বলেন, ‘এই কেন্দ্র করার জন্য রাশিয়ার কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে ৯৬ হাজার কোটি টাকা। এটি এমন একটি প্রকল্প, যার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রের যথাযথ নিরাপত্তাব্যবস্থা করতে হলে সেখান থেকে দেড় কোটি মানুষকে সরাতে হবে। আর পারমাণবিক বর্জ্যসহ ওই এলাকার মানুষ নানা ঝুঁকিতে থাকবে।