রাজনৈতিক দলকে অহিংস কর্মসূচি দেওয়ার আহ্বান
রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অহিংস কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছে ‘স্টপ ভায়োলেন্স কোয়ালিশন’ (মহাত্মা গান্ধী আশ্রম ট্রাস্টসহ ১৬টি এনজিও নিয়ে গঠিত) নামের একটি সংগঠন। একই সঙ্গে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আইনের শাসন মেনে নেওয়া ও নাগরিকদের পরামর্শ গ্রহণের সুপারিশ জানানো হয়েছে।
আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘স্টপ ভায়োলেন্স কোয়ালিশন’। এতে সহিংসতা রুখতে রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে ওই সুপারিশগুলো তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা ও বাগেরহাট জেলায় স্টপ ভায়োলেন্স কোয়ালিশনের অন্তর্ভুক্ত ‘রূপান্তর’ ও ‘নবলোক’ নামের দুটি সংগঠন গতকাল থেকে ১৫ দিনব্যাপী কর্মসূচি পালন শুরু করছে। এই প্রচারাভিযানে শান্তি-সম্প্রীতির সপক্ষে স্বাক্ষর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সহিংসতাবিরোধী শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে।