রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক উপমন্ত্রী লিন ফিদারস্টোন বলেছেন, বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার অবসান আর আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপ হওয়া উচিত। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে ব্রিটিশ হাইকমিশন ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
তিন দিনের সফরে গত রোববার লিন ফিদারস্টোন ঢাকায় আসেন। এ সফরের সময় তিনি বাংলাদেশ গার্ল সামিটে যোগ দেন। এ ছাড়া তিনি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে লিন ফিদারস্টোন যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা ভার্সির বিবৃতির উল্লেখ করেন। লিন ফিদারস্টোন বলেন, ‘বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন সংবিধানসম্মত হলেও অর্ধেকের বেশি আসনে নির্বাচন না হওয়াটা হতাশাব্যঞ্জক। পাঁচ বছর পর পর নির্বাচনকেন্দ্রিক সহিংসতা কীভাবে বন্ধ করা যায়, সেটি খুঁজে নিতে আমি সব দলকে উৎসাহ জোগাই। কারণ এ সহিংসতা কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ নয়।’
আওয়ামী লীগ সরকার দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংলাপে বসতে রাজি নয়, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লিন ফিদারস্টোন বলেন, বাংলাদেশের জনগণের প্রতি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। জনগণের কল্যাণে তাদের আলোচনায় বসতে হবে। পাঁচ বছর পর নির্বাচনকেন্দ্রিক সহিংসতা বন্ধের পথ তাদের খুঁজে বের করতে হবে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে হবে।
কন্যাশিশুর বিয়ের বয়স ১৬ বছর করার পরিকল্পনাকে সম্প্রতি লন্ডনের গার্ল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক উপমন্ত্রী। তবে তিনি আশা করেন, শেষ পর্যন্ত শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়িত হবে।
লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছরের কম বয়সীদের বিয়ে ২০২১ সালের মধ্যে বন্ধ করা এবং ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধের অঙ্গীকার করেছিলেন।