দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় আনিসুজ্জামান
রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে দুর্নীতি অনেক কমবে
মানুষের সীমাহীন লোভের কারণে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, দুর্নীতিবাজেরা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে ‘সেকেন্ড হোম’ তৈরি করছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে গতকাল রোববার এ অনুষ্ঠান হয়।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দুর্নীতি মূলত দুটি কারণে হয়। একটি হলো অভাবে, আরেকটি লোভের কারণে। রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ সচেতনতা দিয়েই দুর্নীতি সম্পূর্ণরূপে দমন করা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি থেকে পরিত্রাণের জন্য মানুষ দুদকের দিকে তাকিয়ে রয়েছে।
শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, দুদকের সামাজিক দায়িত্ব রয়েছে। দুদক একদিন এমন অবস্থানে পৌঁছাবে, যখন দুর্নীতিবাজ সব মানুষ দুদককে ভয় করবে।
২১ নভেম্বর ছিল দুদকের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে দুদক।
আলোচনায় দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানও দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দেন। বর্তমান কমিশনকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দাবি করে তিনি বলেন, অতীতে কখনোই সরকারি দলের মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির নেই। বর্তমান কমিশন সেটাই করে দেখিয়েছে।
আলোচনার আগে সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পতাকা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেন।
উদ্বোধনের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান। বিভিন্নজন দুদককে ‘দায়মুক্তি কমিশন’ বলছেন—এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের দায়মুক্তি কমিশন বলা হলে সেটা হবে আমাদের প্রতি অবিচার।’
সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির অভিযোগ থেকে ‘দায়মুক্তি’ দেওয়া হচ্ছে অভিযোগ করে সম্প্রতি এক জনসভায় খালেদা জিয়া দুদককে ‘দায়মুক্তি কমিশন’ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, দুদক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের সমালোচনা করাও ঠিক নয়। সমালোচনা গঠনমূলক হওয়া উচিত।
২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়। দুদক প্রতিষ্ঠার এক দশকে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা ও সমালোচনা রয়েছে। বিশেষ করে কয়েকটি ক্ষেত্রে ‘দায়মুক্তি’ দেওয়ার ঘটনায় সমালোচনা হচ্ছে বেশি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বদিউজ্জামান দাবি করেন, অনুসন্ধানে যাঁদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকেই ঢালাওভাবে ছাড় দেওয়া হচ্ছে না। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আরও মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক দ্বিধা করবে না।