রাজনৈতিক দলগুলোই সুষ্ঠু নির্বাচনের পথ বের করবে: মরিয়ার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, এ দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো তাদের প্রজ্ঞা দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করবে। গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। খবর বাসসের।গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সাক্ষাৎ প্রায় ঘণ্টাকাল স্থায়ী হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সম্প্রতি বিএনপির চেয়ারপারসন যুক্তরাষ্ট্র সফর করেছেন। সফরকালে তিনি মার্কিন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তাঁর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে।সাক্ষাৎকালে ‘তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না’—এ বিষয়ে জানতে চাইলে মরিয়ার্টি বলেন, এ দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোই তাদের প্রজ্ঞা দিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে বের করবে। শমসের মবিন চৌধুরী সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে বলেন, খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এটি ছিল বিদায়ী সাক্ষাৎ।