রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী বিধি মেনে চলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে চুয়াডাঙ্গায় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানানো হয়। সভাসূত্রে জানা যায়, সভায় জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক আহমেদ বলেছেন, চুয়াডাঙ্গার চারটি উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতারা প্রকাশ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, যা ইউপি নির্বাচনের বিধিমালার পরিপন্থী। সভায় একপর্যায়ে প্রথম আলোয় ১০ মে প্রকাশিত ‘চুয়াডাঙ্গায় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ’ এবং ১৫ মে প্রকাশিত ‘চুয়াডাঙ্গায় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপির দুই পক্ষ’ শীর্ষক দুটি সংবাদের অংশবিশেষ পড়ে শোনানো হয়। পরে নির্বাচন কর্মকর্তা বলেন, গত রোববার আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতাদের ডেকে বিধিমালা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। সভায় জেলা প্রশাসক ভোলানাথ দে, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, সিভিল সার্জন কামরুল হুদা, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম, চার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।