রাজনৈতিক দলগুলোর ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই। এ জন্য সংসদীয় গণতন্ত্রের চর্চাও বারবার ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের দেশে বিগত ২৩ বছরে প্রতিবারই বিরোধী দল সংসদে অনুপস্থিত থেকে সংসদকে অকার্যকর করেছে। ফলে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করতে পারেনি।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘২৩ বছরের গণতন্ত্র: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জি এম কাদের এসব কথা বলেন।
সার্ক কালচারাল সোসাইটি ও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সোসাইটির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলেই আগামী নির্বাচন নিয়েও সংকট দেখা দিয়েছে। দেশ অতিক্রম করছে ক্রান্তিকাল। মানুষ আস্থা হারিয়ে ফেলছে গণতন্ত্রের প্রতি। জনগণ প্রত্যাশিত সেই গণতন্ত্র বিগত ২৩ বছরেও পায়নি।
তবে এ থেকে উত্তরণের জন্য আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা সঠিকভাবে করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ এবং দুর্নীতি রোধ করে জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে। তাহলেই গণতন্ত্রের সুফল পাবে জনগণ। বাসস।