রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরুর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় জোর দিয়েছেন বক্তারা। একই সঙ্গে তাঁরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ওপরও জোর দিয়েছেন। গতকাল শনিবার ‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রায় ও রাজনৈতিক সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ প্রস্তাব দেন। ‘ল রিপোর্টার্স ফোরাম’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে।সব দেশে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হচ্ছে উল্লেখ করে সেমিনারে বলা হয়, আলোচনার মাধ্যমে নিরপেক্ষ প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে। বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্বরাষ্ট্র-সংস্থাপনসহ সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করা যেতে পারে। সংকট উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে একটি উপায় বের করা দরকার, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে।সেমিনারে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ব্যক্তিগত মত তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলোর ১২-১৩ জন প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। এখান থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত সাবেক তিনজন প্রধান বিচারপতি। তিনি বলেন, নির্বাচনকালে কোনো সরকার যেন নির্বাচন কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষমতার চর্চা করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘সংঘাতময় পরিস্থিতি ছাড়া অতীতে কোনো সংকটের সমাধান হয়নি। আমাদের দেশে সব সমস্যার সমাধান কিন্তু রাজপথেই হয়েছে।’ ল রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বিষয়বস্তুর ওপর বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক। আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, নির্বাচনটা করতে হবে নির্বাচন কমিশনকে দিয়েই। নির্বাচনের সময় পুরো প্রশাসন কমিশনের হাতে ন্যস্ত করা যেতে পারে বলে প্রস্তাব দেন তিনি। তবে রফিক-উল হকের প্রস্তাবে দ্বিমত পোষণ করে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, তিনজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির প্রস্তাব দেওয়া হলে অন্য দল তা গ্রহণ করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে সরকারপদ্ধতি নিয়ে ঐকমত্যে আসতে হবে। যদি ঐকমত্যে আসতে না পারি, তাহলে সরকারি দল বিরোধী দল কেউই রেহাই পাবে না।’ লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে অনির্বাচিত সরকার বলা যেতে পারে, কিন্তু অগণতান্ত্রিক নয়।আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।