রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় জড়াতে চাই না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে রেফারি ইসি জড়াতে চায় না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে বলে তিনি মনে করেন।
আজ বুধবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। দলটি চলে যাওয়ার পর সিইসি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বাপারে ইসি কোনো উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নের উত্তরে কাজী রকিব উদ্দিন বলেন, ‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমাদের রাজনীতিবিদেরা বিচক্ষণ। জনগণের পালস তাঁরা বোঝেন। সে বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। আমরা রেফারি। এর ভেতরে জড়াতে চাই না।’
সিইসি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ করবে। সে জন্য নির্বাচন কমিশনের কী কী কারিগরি সহায়তা লাগবে, তারা জানতে চেয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’
সুষ্ঠু নির্বাচনে ইসি প্রস্তুত মনে করছে ইইউ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসি প্রস্তুত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ সফররত প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলের প্রধান উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, বর্তমান কমিশন কারিগরি দিক থেকে আগের চেয়ে এগিয়েছে। ভোটার তালিকা হালনাগাদসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে ইসি। তিনি আরও বলেন, নির্বাচনে ইইউর কতজন পর্যবেক্ষক থাকবেন, সে বিষয়ে তাঁরা সদর দপ্তরকে জানাবেন। নির্বাচন কমিশনের সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর প্রকল্প চলছে বলেও তিনি জানান।
পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ, নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করে।