রাজনৈতিক দলগুলোর সংলাপের সম্ভাবনা এখনো আছে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান ডব্লিউ মজীনা
ড্যান ডব্লিউ মজীনা

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সব সম্ভাবনা এখনো রয়েছে। তবে এটা সহজ হবে না।
আজ বুধবার সকালে ড্যান মজীনা স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হাশিম, কমোডর (অব.) মোহাম্মদ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে শেষ পর্যন্ত সংলাপ হবে বলে মজীনা আশা প্রকাশ করেন। এটাই বাংলাদেশের রীতি বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে সব দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
এরপর মজীনা কুমুদিনী কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস, জুট বেলিং ও প্রেসিং মেশিন, অয়্যার হাউসসহ প্রস্তাবিত অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি শীতলক্ষ্যা নদীতে ভ্রমণ করেন।
কুমুদিনী কমপ্লেক্স প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘আমি এখানে দেখছি বাংলাদেশের ভবিষ্যৎ। আমি মনে করি, বাংলাদেশ যুক্তরাষ্ট্র হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আমার বাড়ি যে শহরে, এটিও এক নদীর ধারে। বাংলাদেশের সৌভাগ্য যে এখানে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক নদী রয়েছে। কুমুদিনীতে এসে আমি আরও আশাবাদী হচ্ছি। কুমুদিনীতে একটি বিরাট অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট হতে পারে। এটি হলে পণ্য পরিবহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ভোগের কথা ভাবতে হবে না। ঢাকা-চট্টগ্রাম রেলযোগাযোগও আছে। এখন কুমুদিনীতে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মিত হলে, এটি হবে জলপথের মহাসড়ক। পরিবেশবান্ধব এ টার্মিনালটি নৌপথে পণ্য পরিবহনে সড়ক ও রেলপথের তুলনায় অনেক সাশ্রয়ী হবে। তিনি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কুমুদিনী ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেন।