রাজনৈতিক দলের আয়-ব্যয় জমার শেষ সময় বুধবার
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা আগামী বুধবার শেষ হচ্ছে।তবে আজ সোমবার পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ বেশির ভাগ দলই হিসাব জমা দেয়নি।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নিবন্ধিত ৩৮টি দলের মধ্যে আজ পর্যন্ত ১৩টি দল হিসাব জমা দিয়েছে।দলগুলো হলো: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাকের পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ কল্যাণ পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।এ ছাড়া সময় বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি) ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন।
আইন অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়।এ বিষয়ে দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে ১১ জুলাই কমিশন থেকে চিঠি দেওয়া হয়।