রাজনৈতিক দলের আস্থা অর্জন, ইভিএম ব্যবহারের পক্ষে মত সাংবাদিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনমত তৈরি ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করে পর্যায়ক্রমে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছেন সাংবাদিকেরা। গতকাল রোববার সকালে নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপে তাঁরা এ মত দেন।নির্বাচন কমিশন আয়োজিত এই সংলাপ অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে সংলাপে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা, সংবাদ সংস্থার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।সংলাপে সাংবাদিকেরা বলেন, প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত করে নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হবে। জনমত তৈরি করে এ প্রযুক্তি ব্যবহার করলে রাজনৈতিক দলগুলো আপত্তি করতে পারবে না। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আস্থাও অর্জন করতে হবে। এরপর পর্যায়ক্রমে তা চালু করতে হবে।সংলাপে সিইসি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্য নিয়েই নির্বাচন কমিশন কাজ করছে। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না, সে সিদ্ধান্ত নেবে পরবর্তী কমিশন। বর্তমান কমিশন তাদের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে যাবে।ইভিএম ব্যবহার নিয়ে সরকারের আগ্রহ ও বিরোধী দলের আপত্তির বিষয়ে এ টি এম শামসুল হুদা বলেন, কমিশন কোনো পর্যায়ে, কখনো বলেনি যে, ২০১৪ সালের নির্বাচনে ইভিএম ব্যবহার হবে। এটা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও কমিশন দুটি আলাদা প্রতিষ্ঠান। আমরা প্রধানমন্ত্রীর দপ্তরের কেউ নই। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিজেদের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। সে জন্য ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নির্বাচন ব্যবস্থাপনাকে সুষ্ঠু করতে এবং ফলাফল দ্রুত ঘোষণার জন্য ইভিএম ব্যবহার করা হবে।জ্যেষ্ঠ সাংবাদিক এবিএম মূসা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সংবিধানই তাদের সে ক্ষমতা দিয়েছে। সুতরাং জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনকে এককভাবে সিদ্ধান্ত নিতে হবে।এ প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে দলগুলোর মতামতকে গুরুত্ব দিলেও স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে কারও আপত্তি আমলে নেওয়া হবে না। তিনি জানান, সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। জাতীয় নির্বাচনে ৪১ হাজারের বেশি কেন্দ্রের জন্য দুই লক্ষাধিক ইভিএম তৈরি করা হবে। রাজনৈতিক দলের আপত্তির কারণে আগামী সংসদ নির্বাচনে তা ব্যবহার করা না হলেও ক্ষতি নেই। কারণ এসব মেশিন ১৫ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, এবিসি রেডিওর হেড অব নিউজ সানাউল্লাহ, বাসসের প্রধান সম্পাদক ইহসানুল করিম, বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদার।দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন সংলাপে উপস্থিত ছিলেন।বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।