রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব 'পাবলিক ডকুমেন্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যখন তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়, তখন তা ‘পাবলিক ডকুমেন্ট’ হয়ে যায়। তাই দলগুলোর আয়-ব্যয়ের হিসাব কমিশনের ওয়েবসাইটেই থাকা উচিত। কমিশনের এ-বিষয়ক তথ্য দিতেও কোনো বাধা নেই।

গতকাল মঙ্গলবার তথ্য কমিশন কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তির জন্য অনুষ্ঠিত শুনানিতে এ কথা বলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক। তথ্য চেয়েও তা না পাওয়া অভিযোগকারী ও তথ্য প্রদান কর্তৃপক্ষের উপস্থিতিতে এ শুনানি হয়।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশনের কাছে তথ্য অধিকার আইনের আওতায় নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের বছরভিত্তিক আয়-ব্যয়ের বিবরণী চেয়ে আবেদন করেছিলেন।

গতকাল শুনানিতে তথ্য কমিশনের কমিশনারদের নিয়ে গঠিত আদালত নির্বাচন কমিশনকে সুজনকে তথ্য সরবরাহ করার নির্দেশ দেন।

বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশনের কাছে তথ্য চান গত ৬ জুন। তবে ১৪ জুলাই ‘নির্বাচন কমিশনে জমাকৃত রাজনৈতিক দলের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব (অডিট রিপোর্ট) নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য নয়’ বলে তা রাজনৈতিক দলের কাছ থেকে সংগ্রহ করার জন্য সুজনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। পরে নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করে সুজন। আপিলেও নির্বাচন কমিশন একই সিদ্ধান্ত বহাল রাখে। পরে সুজনের পক্ষ থেকে তথ্য কমিশনে অভিযোগ করা হয়।

শুনানিতে তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের ও সাদেকা হালিম উপস্থিত ছিলেন। সুজনের পক্ষে সংগঠনটির সভাপতি এম হাফিজউদ্দিন খান, নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ ও কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানিতে অংশ নেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা এস এম আসাদুজ্জামান। তিনি জানান, রাজনৈতিক দলগুলো এ তথ্যগুলো অন্যদের জানানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করে।

শুনানিতে আদালতের অনুমতি নিয়ে এম হাফিজউদ্দিন খান বলেন, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব কমিশনের ড্রয়ারে রেখে দিলে চলবে না। এ আয়-ব্যয়ের হিসাব থেকে ভোটাররা কাকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত নিতে পারেন।

শুনানি শেষে আদালতের বাইরে লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, তথ্য পাওয়া গণতান্ত্রিক অধিকারের অংশ।