রাঙামাটি থেকে প্রতিদিন জ্বালানি কাঠ চট্টগ্রামের বিভিন্ন ইটভাটায় পাচার হচ্ছে। ইটভাটাগুলোতে পোড়ানো হয় জ্বালানি কাঠ। এতে রাঙামাটি জেলার প্রাকৃতিক বন ব্যাপক হারে উজাড় হচ্ছে। গত দুই মাসে ৫০ হাজার ঘনফুটের বেশি কাঠ আটক করার কথা স্বীকার করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে জ্বালানি কাঠ পরিবহনের পারমিট (অনুমতিপত্র) দেওয়া বন্ধ হয়ে গেছে। এর প্রধান উদ্দেশ্য ছিল, প্রাকৃতিক ও ব্যক্তিগত বাগানের কচি গাছগুলোকে রক্ষা করা। এমনকি জোত (ব্যক্তিগত বাগান) পারমিটের সঙ্গে আগে যে জ্বালানি কাঠের পারমিট দেওয়া হতো, তা-ও বন্ধ করা হয়েছে। তার পরও জ্বালানি কাঠ পাচার বন্ধ করা যাচ্ছে না। বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, জ্বালানি কাঠ পাচারের সঙ্গে সরকারি দলসহ জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কয়েকটি চক্র জড়িত। কাঠ পাচারে বাধা দেওয়ার চেষ্টা করা হলে এসব চক্র থেকে হুমকি দেওয়া হয়। তাদের ছত্রচ্ছায়ায় কাঠ পাচার করেন কয়েকজন চিহ্নিত আদিবাসী ও বাঙালি ব্যবসায়ী।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা ফরিদ আহমঞ্চদ ভূঁইয়া বলেন, গত অক্টোবর ও নভেম্বর মাসে ৪৬ হাজার ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়েছে। অন্যান্য রেঞ্জেও কমপক্ষে সাত থেকে ১০ হাজার ঘনফুট কাঠ আটক করা হয়েছে।ব্যবসায়ী মো. ইকবাল হোসেন বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী এলাকার ইটভাটাগুলোতে রাঙামাটির জ্বালানি কাঠের খুব চাহিদা। এসব কাঠ আদিবাসীদের কাছ থেকে প্রতি মণ ৪০ টাকা দরে কিনে নিয়ে যাওয়া হয় বলে জানান।কাঠ নিয়ে আসা আদিবাসী মঙ্গল কুমার চাকমা বলেন, জ্বালানি কাঠগুলো ব্যক্তিগত বাগান, প্রাকৃতিক বন ও জোত পারমিটের মাধ্যমে কাটা গাছের মাথা থেকে সংগ্রহ করে বিক্রি করা হয়। জানা গেছে, জ্বালানি কাঠ পাচারের প্রধান স্থান সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি মসজিদঘাট। সেখানে সরেজমিনে দেখা যায়, হ্রদের পাশে স্তূপ করে প্রচুর জ্বালানি কাঠ রাখা হয়েছে। আরও কয়েকটি নৌকা থেকে কাঠ নামানো হচ্ছে। পরিবহনে সরকারি অনুমতি না থাকায় এসব কাঠ রাতে বিভিন্ন যানবাহনে করে নেওয়া হয় ইটভাটাগুলোতে। গত বুধবার চট্টগ্রাম রাঙামাটি সড়ক দিয়ে এক দিনে ট্রাক, চান্দের গাড়িসহ (হুড খোলা জিপ) ৫০টির বেশি যানবাহনে জ্বালানি কাঠ নিতে দেখা গেছে। সড়কের ঘাগড়া এলাকায় বন বিভাগের একটি ফাঁড়ি আছে। কিন্তু জ্বালানি কাঠবাহী কোনো যানবাহন সেখানে আটক করা হয় না। প্রশ্ন করা হলে একজন বন কর্মকর্তা বলেন, ‘এসব যান আটক করা হলে আমরা এক রাতও এখানে থাকতে পারব না।’যোগাযোগ করা হলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হোসাইন মোহামঞ্চদ নিশাদ বলেন, জনবল-সংকটে কাঠ পাচার বন্ধ করা সম্ভব হয়ে ওঠে না। তার পরও বন বিভাগের লোকজন সব সময় তৎপর রয়েছে।