রাজনৈতিক দলের ভেতরে স্বৈরতন্ত্র চলছে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতিতে এখন শুদ্ধতার ঘাটতি দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা স্বৈরতন্ত্র চলছে। জাতীয় সংসদে ইদানীং চরিত্র হনন হচ্ছে, তির্যক মন্তব্য হচ্ছে। অথচ আগে আলোচনার বিতর্ক রসাত্মক ছিল।

আজ বুধবার জাতীয় জাদুঘরে ‘সাংস্কৃতিক ঘাটতি ও প্রগতির অন্ধকার’ শীর্ষক গণবক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে নাগরিকদের মধ্যে শৃঙ্খলাবোধেরও অভাব দেখা দিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর মন্ত্রী ও এমপিরা ৫০ জনের মতো ফুল দিতে যান—সেখানেও ধাক্কাধাক্কি করছেন। কী লজ্জার ব্যাপার!

এ সময় মন্ত্রী উপাচার্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ারও সমালোচনা করেন। তথ্যমন্ত্রী বলেন, ‘যখন দেখি উপাচার্যরা রাজনৈতিক দলের মিটিংয়ে সকাল-বিকেল হাজির হন, তখন লজ্জা লাগে। আমি চাই, উপাচার্যরা থাকবেন উপাচার্যের মতো। শিক্ষক থাকবেন শিক্ষকদের মতোই।’

মন্ত্রী বলেন, এ দেশে গত ১০০ বছরে অনেক অর্জন হলেও তা ধরে রাখা যায়নি। তিনি এ সাংস্কৃতিক ঘাটতি পূরণে মীমাংসিত বিষয়গুলোর ওপর দাঁড়ানোর পরামর্শ দেন।

জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্ট্রিজের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।