জাতীয় সংসদে বেসরকারি বিল হিসেবে উত্থাপিত হরতালবিরোধী বিল চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করবে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মুজিবুল হক প্রথম আলোকে এ তথ্য জানান।২০১০ সালের ২২ জুলাই ‘জনস্বার্থ বিল, ২০১০’ সংসদে উত্থাপন করেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিতে পাঠানো হয়।বিলে ‘হরতাল’ শব্দটি লেখা না থাকলেও মূলত হরতাল ও রাজনৈতিক কর্মসূচির নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ বিল আনা হয়েছে।বৈঠক শেষে মুজিবুল হক বলেন, বিলটি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কমিটির সদস্যরা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। তবে এটি চূড়ান্ত করার আগে কমিটি বিভিন্ন রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের মত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিলে রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনগণের স্বাধীনতা বিঘ্নিত হলে সেই দলের প্রধানসহ সর্বোচ্চ কমিটির বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। প্রস্তাবিত আইনে নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিটি জেলায় একটি করে ‘জনস্বার্থ সংরক্ষণ আদালত’ গঠনের কথা বলা হয়েছে। এই আদালত নাগরিকদের স্বাধীনতায় বাধা সৃষ্টির অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে ‘সুপ্রিম জুডিশিয়াল কমিশন বিল, ২০১২’ চূড়ান্ত করতে আইনজীবীদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ ও জুনাইদ আহমেদ অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম ও জাতীয় পার্টির মুজিবুল হক।