রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের কল্যাণ এবং গণতন্ত্রের অভিন্ন লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের অংশ হিসেবে গতকাল সোমবার বঙ্গভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বিএনএপি), বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) এবং গণফ্রন্টের (জিএফ) সঙ্গে পৃথক আলোচনাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, বৈঠকে নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে বিএনএপি ১১ দফা প্রস্তাব, বিকেএম ৫ দফা প্রস্তাব এবং জিএফ ১৪ দফা প্রস্তাব দিয়েছে।
বৈঠকে বিএনএপির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য পাঁচ থেকে সাত সদস্যের একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠনে একটি আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছে দলটি।
রাষ্ট্রপতি এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দলটি নতুন ইসি গঠনের জন্য আইন প্রণয়নের প্রস্তাব করে।
জিএফের চেয়ারম্যান মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন ১০ সদ্যস্যের প্রতিনিধিদল ইসি গঠনে একটি সময়োপযোগী আইন প্রণয়ন, কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা, সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের নিয়ে ইসি গঠন এবং তিনজন নারী প্রতিনিধিসহ নয় সদস্যের ইসি গঠনের প্রস্তাব করে।