রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ৭ জুন থেকে
গণপ্রতিনিধিত্ব আদেশ ও সংসদের নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুন থেকে এই সংলাপ শুরু হবে।আলোচ্যসূচিতে প্রস্তাবিত নির্বাচন কমিশনার নিয়োগ আইন, রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয় নির্বাহ-সংক্রান্ত জনতহবিল আইন এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারবিধিও রয়েছে। কমিশন গতকাল মঙ্গলবার থেকে দলগুলোর কার্যালয়ে সংলাপের আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে এ তথ্য জানান। এর আগে কমিশন ২০০৭-০৮ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া তৈরি করতে গিয়ে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ব্যক্তি ও গণমাধ্যমের শীর্ষস্থানী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে। তবে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশন সংলাপের আয়োজন করলেও এলডিপি ছাড়া বাকি দলগুলো তাতে সাড়া দেয়নি। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, ৩৮টি নিবন্ধিত দলের নিবন্ধন ক্রমিক নম্বর অনুসারে প্রতিদিন দুটি করে দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এ অনুযায়ী ৭ জুন সকালে এলডিপি এবং বিকেলে জাতীয় পার্টির (জেপি) সঙ্গে সংলাপের সূচি ঠিক করা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ৯ জুন এবং বিএনপির সঙ্গে ১৩ জুন সংলাপ অনুষ্ঠিত হবে। কমিশন সূত্র জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধন-সংক্রান্ত কয়েকটি অনুচ্ছেদে কিছু অসংগতি ধরা পড়েছে। সংলাপে কমিশন ওই সব অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করবে। কমিশনার নিয়োগ আইন: সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে, সংসদ প্রণীত আইনের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। কিন্তু স্বাধীনতার পর ৪০ বছরেও কমিশনার নিয়োগের আইনটি প্রণয়ন করা হয়নি। যে কারণে কমিশন ২০০৯ সালে এ আইন পাস করার জন্য সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছিল। প্রস্তাবিত এ আইনে কমিশন একজন নারী কমিশনার নিয়োগ বাধ্যতামূলক করার কথা বলেছিল। কিন্তু সরকার তা আমলে নেয়নি। এ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা একাধিকবার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনার নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। নির্বাচনী আসনের সীমানা: কমিশন ১৯৭৬ সালে প্রণীত নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ আইনও সংশোধনের পক্ষে। বিদ্যমান এই আইন অনুযায়ী সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে জনসংখ্যার অনুপাতে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করতে হবে। ২০০৮ সালে এই আইনের আওতায় সীমানা বিন্যাস করায় ঢাকার আসনসংখ্যা ১৩ থেকে বেড়ে ২০-এ দাঁড়ায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, ২০০১ সালে ঢাকার জনসংখ্যা ছিল ৯১ লাখ। কমিশনের মতে, চলমান আদমশুমারি শেষে ঢাকার জনসংখ্যা যা দাঁড়াবে, তাতে আসনসংখ্যা ৩০টি ছাড়িয়ে যাবে। সে ক্ষেত্রে কম জনসংখ্যার জেলাগুলোতে আসন কমে যাবে।