রাজনৈতিক দলের সঙ্গে তিন দিন সংলাপ করতে পারে ইসি
নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিন সংলাপ করতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।এর আগে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে এক দিন সংলাপ করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।গতকাল জাবেদ আলী বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে এ সংলাপ হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তন পাওয়া সাপেক্ষে পর পর তিন দিন এ সংলাপ হতে পারে। সিইসি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি বলেন, এ ক্ষেত্রে মহাজোট, চারদলীয় জোট ও অন্য দলগুলোকে আলাদা ডাকবে নির্বাচন কমিশন। এর আগে ২২ নভেম্বর এনজিও প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে কমিশন।