রাজনৈতিক দলের ২০০৯ সালের হিসাব পরীক্ষা-নিরীক্ষা করেনি ইসি
বছর গড়িয়ে গেলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেওয়া ২০০৯ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা-নিরীক্ষা করেনি নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে ২০১০ পঞ্জিকা বছরের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে দলগুলোকে।ইসি সূত্র জানায়, চিঠিতে নিবন্ধিত ৩৮টি দলকে ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব জমা দিতে বলা হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এসব চিঠি দলগুলোর দপ্তরে পৌঁছে দেওয়া হয়। রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী, দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের হিসাব নিবন্ধিত প্রতিষ্ঠান দ্বারা নিরীক্ষা করিয়ে ইসিতে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-এইচ ধারার বিধান অনুযায়ী, কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে তিন বছর হিসাব দিতে ব্যর্থ হলে ওই দলের নিবন্ধন বাতিল হবে।গত বছর আওয়ামী লীগ ছাড়া বাকি ৩৭টি রাজনৈতিক দল ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব জমা দেয়। আওয়ামী লীগ বর্ধিত সময়সীমা সেপ্টেম্বরের মধ্যে হিসাব জমা দেয়। এরপর প্রায় বছর গড়িয়ে গেলেও ইসি বিধান অনুযায়ী এসব হিসাব পরীক্ষা-নিরীক্ষা করেনি।এ প্রসঙ্গে জানতে চাইলে, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, দলগুলোর আয়-ব্যয়ের হিসাব পরীক্ষা করার মতো যথেষ্ট সময় পাওয়া যায়নি। তবে প্রাপ্তি হলো হিসাব জমা দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। ভবিষ্যতে হিসাব পরীক্ষা করা হবে। কেউ আইন অমান্য করলে শাস্তিও হবে।একই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক মহাহিসাব নিরীক্ষক এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করা না হলে হিসাব নিয়ে লাভ কী? এভাবে চলতে থাকলে যে আইন আছে, সেটি কাগুজে আইনে পরিণত হবে। ইসি ২০০৯ সালের বিভিন্ন দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশও করেনি। অথচ ২০১০ সালের জুলাই-আগস্টে ইসি থেকে একাধিকবার সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছিল, দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে তা কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।তথ্য অধিকার আইন অনুযায়ী প্রথম আলোর পক্ষ থেকে ২০১০ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর ২০০৯ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়ে আবেদন করা হয়। এর জবাবে চলতি বছরের ১৮ জানুয়ারি কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব তাদের নিজস্ব সম্পদ বা দলিল। তাই এই হিসাব প্রকাশ করার এখতিয়ার কমিশনের নেই।এ বিষয়ে এম হাফিজউদ্দিন খান বলেন, হিসাব প্রকাশ করা না হলে হিসাব নেওয়াটাও অর্থহীন হয়ে যায়। প্রশ্ন ওঠে, হিসাব কেন নেওয়া হচ্ছে।