যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে অনেক সময় অনেক কিছুই ঠিকমতো হচ্ছে না। তবে আমি একটা বিষয় বলতে পারি, গত ফেব্রুয়ারি থেকেই রাজনৈতিক দৃশ্যপট ও প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এ দৃশ্যপট যেকোনো সময় পাল্টাতে পারে।’
গত শনিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের নির্মাণাধীন দুটি সেতুর কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘ঈদে স্বস্তিতে লোকজন বাড়ি ফিরলেও ঈদের পর হরতালের কারণে কর্মস্থলে ফেরা নিয়ে মানুষের মনে আতঙ্ক ও দুশ্চিন্তা কাজ করছে। তাঁদের দুশ্চিন্তা নিয়ে আমরা নিজেরাও দুশ্চিন্তাগ্রস্ত।’ তিনি আরও বলেন, ‘পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, এটাই রাজনীতির শেষ কথা নয়। কেননা, রাজনীতিতে নির্বাচন পর্যন্ত যে হাওয়া বইতে থাকবে, এ হাওয়া শেষ পর্যন্ত কোন দিকে বাঁক নেবে, তা বলা মুশকিল।’
ওবায়দুল কাদের বলেন, ‘যারা হরতাল ডেকেছে, আমরা তাদের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানাতে পারি। তবে আমরা হরতাল বন্ধ রাখতে জোর করতে পারি না। তা ছাড়া হরতালের ব্যাপারে আইনগত কোনো বাধানিষেধও নেই। এ কারণে কোনো আইনও প্রয়োগ করা যাচ্ছে না।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব-উল-আলম, সাধারণ সম্পাদক সৈয়দ আহমঞ্চদ খসরু প্রমুখ।