রাজনৈতিক দ্বন্দ্বে কাজীপুর পৌরসভার কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলরদের সঙ্গে বিরোধ না থাকলেও রাজনৈতিক প্রতিপক্ষের ভয়ে সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার নির্বাচিত মেয়র পৌর ভবনে অফিস করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর ভবনের বাইরে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে তিনি মাসে এক দিন বসেন। ফলে পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।পৌরসভা ও স্থানীয় দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, গত ১২ জানুয়ারি কাজীপুর পৌরসভার নির্বাচনে পৌর বিএনপির সভাপতি মো. আবদুস সালাম বিজয়ী হন। মেয়র হিসেবে শপথ গ্রহণের পাঁচ দিন পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পৌর ভবনে প্রবেশ করতে গেলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কিছু নেতা-কর্মী আহত হন। এই ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পৌর মেয়রের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়। পৌর মেয়রসহ আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পান। কিন্তু মেয়রকে পৌর ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। মেয়র তাঁর নিজস্ব বাসভবনসহ বাইরের একটি প্রতিষ্ঠানে শুধু কাউন্সিলরদের নিয়ে মাসিক সভা করছেন। নিরাপত্তার অভাব বোধ করায় ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশির ভাগ সময় তিনি এলাকার বাইরে অবস্থান করেন।সূত্রটি আরও জানায়, পৌরসভার একমাত্র আয়ের উৎস পৌরসভার আওতাধীন হাটবাজার আর বিভিন্ন কর ও টোল আদায়। পৌরসভার একটি হাটবাজার ও মার্কেট থাকলেও সেটি ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাজার কমিটির নামে হাটবাজার থেকে টোল আদায় করছেন। এই আদায় থেকে প্রতিদিন মাত্র দেড় থেকে দুই শ টাকা পৌর তহবিলে জমা দেওয়া হয়।পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জানান, মেয়রের সঙ্গে কাউন্সিলরদের কোনো সমস্যা নেই। রাজনৈতিক দ্বন্দ্বের ঘটনায় মেয়র পৌর ভবনে বসেন না। জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই এই ভবনে আসার অধিকার তাঁর রয়েছে। পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম জানান, ১১ মাস ধরে কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান না। এর সঙ্গে কাউন্সিলরদেরও ভাতা বকেয়া পড়েছে। সিদ্ধান্ত না হওয়ায় হাটবাজার ইজারা দেওয়া সম্ভব হয়নি। মেয়রের অনুপস্থিতির কারণে কর্মচারীরাও দায়িত্ব পালনে মনোযোগী হচ্ছেন না। পৌরকরসহ বিভিন্ন কর আদায়ও কমে গেছে। পৌর মেয়র আবদুস সালাম এ বিষয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কাজীপুরে মূলত অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। জনগণের নির্বাচিত মেয়র হয়েও আমি পৌর ভবনে যেতে পারছি না। রাজনৈতিকভাবে আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। উপজেলার মাসিক সমন্বয় সভায়ও যেতে পারি না। সার্বিক বিষয়টি একাধিকবার জেলার আইনশৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করেছি। কিন্তু কোনো সমাধান পাইনি। মনে হচ্ছে, কাজীপুর পৌর শহর এ দেশের বাইরের এলাকা।’এ বিষয়ে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান জানান, মেয়র আবদুস সালামকে ভয়ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না। তিনি নিজের ইচ্ছাতেই পৌর ভবনে আসেন না। তাঁর মধ্যে অনেক ভয়ভীতি রয়েছে। কারণ বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিলেন। অনেক সম্পদ লুণ্ঠন করেছিল। হাটবাজারের বিষয়ে বলেন, এলাকাটি নদীভাঙনকবলিত। এই কথা বিবেচনায় এনে আগের মেয়র হাটবাজার ইজারা দেননি। মার্কেট ও বাজার পরিচালনা করার জন্য স্থানীয় লোকজনকে নিয়ে একটি বাজার কমিটি করা হয়েছে। তারা নামমাত্র খাজনা আদায় করে। এর সঙ্গে দলীয় নেতা-কর্মীরা কেউ জড়িত নন। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, মৌখিকভাবে বিষয়টি জানার পর পৌর মেয়রকে লিখিতভাবে জানাতে বলা হয়েছিল। এখন পর্যন্ত লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।