রাজনৈতিক দ্বন্দ্বে দুই মাসে অপহূত ৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের চক্রপাড়া লিচুবাগান থেকে অপহূত ১৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সামাজিক নেতাদের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। তবে গত দুই মাসে চারটি স্থান থেকে ৫২ জন অপহূত হওয়ার ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্বকবলিত এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে বলে জানা গেছে।গত বুধবার অপহরণ ঘটনার পর থেকে কতজনকে অপহরণ করা হয়েছে, তা নিয়ে বিভ্রান্তি ছিল। সর্বশেষ গতকাল শুক্রবার নিশ্চিত হওয়া গেছে, ওই রাতে মোট ২৮ জনকে অপহরণ করা হয়েছিল। রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা অপহূত ব্যক্তিদের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলে কতজন অপহূত হয়েছিলেন, তা নিয়ে বিভ্রান্তি ছিল। সবার নাম জানা ছিল না। অপহরণের কয়েক ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়েছিল ১৩ জনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে বুধবার রাতে রাঙামাটি শহরতলির চক্রপাড়া লিচুবাগান থেকে ২৮ জন আদিবাসীকে অপহরণ করা হয়। ওই রাতেই ১৩ জনকে মুক্তি দেয় অপহরণকারীরা। পরে সামাজিক নেতাদের যোগাযোগের মাধ্যমে বাকি ১৫ জনকে মুক্ত করা হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাঙামাটি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের পুদিছড়ি এলাকা থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।একাধিক সূত্রে জানা গেছে, জুরাছড়ি উপজেলা ও রাঙামাটি সদর উপজেলার কিছু অংশ হাতছাড়া হওয়ার পেছনে পার্বত্য চুক্তিবিরোধী হিসেবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) স্থানীয় কিছু লোকের হাত রয়েছে বলে সন্দেহ করে। তাঁদের খুঁজতে বৃহস্পতিবার রাতে একসঙ্গে এত লোককে অপহরণ করা হয়। এ ছাড়া রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২৫ জুলাই বন্দুকভাঙ্গা ইউনিয়নের করল্যামুড়া, পলাশ আদাম ও সাহসবান্দা গ্রামের নয়জন আদিবাসীকে অপহরণ করা হয়েছিল। এর আগে ২৩ জুন বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা এলাকা থেকে দুই যুবক, ১৭ জুন সুবলং ইউনিয়নের চিলাকডাক এলাকা থেকে জুরাছড়ি উপজেলার ১০ জন ও বরকল উপজেলার তিনজনকে অপহরণ করা হয়।বৃহস্পতিবার রাতে চক্রপাড়া লিচুবাগানের অপহরণ ঘটনার পর জনসংহতি সমিতি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একের পর এক অপহরণ ঘটনা সংঘটিত করছে। তবে ইউপিডিএফ বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।